রুশনারা আলি, জেরেমি হান্ট
আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে রুশনারা আলি ও জেরেমি হান্টসহ কয়েকজন ব্রিটিশ রাজনীতিক বিবৃতি দেন। সংগৃহীত

রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হওয়ায় দেশটির সামরিক বাহিনীর ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে এক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিকরা ব্রিটিশ সরকারের প্রতি এমন আহ্বান জানিয়েছেন।

লেবার পার্টির এমপি রুশনারা আলী এবং কনজারভেটিভ টোরি পার্টির এমপি জেরেমি হান্ট, অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বার্মার যৌথ সভাপতি এক যৌথ বিবৃতি দিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আজকের এই রায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এমনভাবে উদ্বুদ্ধ করা উচিত, যাতে মিয়ানমারের সামরিক বাহিনীর অব্যাহত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হাত থেকে রোহিঙ্গাদের পাশাপাশি সমগ্র মিয়ানমারের জনগণকে রক্ষায় তারা সাধ্যমতো সবকিছু করতে পারে।’

এই রাজনীতিকরা মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘নিয়মিতভাবে নিষেধাজ্ঞা আরোপের ধারা’ পুনরায় শুরু করার এবং ‘কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করার মতো একটি প্রস্তাব’ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের আহ্বান জানান।

মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিতাড়নের ফলে সৃষ্ট শরণার্থী সঙ্কটের দিকে ইঙ্গিত করে রুশনারা আলী ও জেরেমি হান্ট বলেন, ‘সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।’

সূত্র : বিবিসি