
দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা অপশক্তির মাধ্যমে নাশকতা করে দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে। দণ্ডিত পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর নাশকতার মাত্রা বেড়েছে। আওয়ামী সন্ত্রাসীরা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশকে বেকায়দায় ফেলতে চায়।
গোপালগঞ্জে টানা হামলা অগ্নিসংযোগ লুটপাট চালিয়ে যাচ্ছে রাজনৈতিক অপশক্তি। রাজধানীসহ সারা দেশে কমবেশি চোরাগোপ্তা হামলা নাশকতা চালাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ঠুরভাবে হত্যাও করে যাচ্ছে ক্রমাগত। স্পষ্ট বোঝা যাচ্ছে, দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের মদদে দেশব্যাপী বড় ধরনের অস্থিরতা তৈরি করতে যাচ্ছে দেশবিরোধী এই শক্তি। ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির ঘটনাই লক্ষ্য।
এমন প্রেক্ষাপটে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রায় অভিন্ন কণ্ঠে ফ্যাসিবাদ ও তাঁবেদারবিরোধী জাতীয় ঐক্যের উদাত্ত আহ্বান জানিয়েছেন। এই দুই নেতার সারকথা, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব। সন্ত্রাস-নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন সংসদে সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতা।
জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করতে একটি অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তিকে প্রতিহত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যে বর্তমান রাজনৈতিক এক গভীর সঙ্কট ও সম্ভাবনার চিত্র ফুটে উঠেছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার যাত্রা শুরু হয়েছিল, নাশকতা এবং বহুমুখী ষড়যন্ত্রের কবলে সেই পথ নতুন করে পরীক্ষার মুখে পড়েছে। তাই বাস্তবসম্মত ঐক্য, সুস্পষ্ট নীতি-কৌশল এবং তার আলোকে প্রশাসনিক দৃঢ়তা দরকার। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি পারস্পরিক মতভেদ এখন এক পাশে তুলে রাখতে হবে।
সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসেছে। চব্বিশের মতো সব গণতান্ত্রিক শক্তিকে তিনি এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্য দিকে, বিরোধীদলীয় নেতা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যে ফাটল ধরার বিষয়টিকে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছেন। ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান সত্ত্বেও সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের মূল সুরে একটি জায়গায় মিল আছে, তা হলো ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পুনরুত্থান ঠেকানো এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দেয়া।
দেশের প্রধান এই দুই নেতার বক্তব্যে এটি স্পষ্ট যে, চব্বিশের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সামনে রেখে অভ্যুত্থান-পরবর্তী শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় ফিরিয়ে আনা জরুরি। ঐক্যের ফাটল গলিয়ে যাতে কোনো অপশক্তি সুযোগ নিতে না পারে, সেদিকে সরকার ও বিরোধী দল, উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
এক্ষেত্রে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শুধু মৌখিক হুঁশিয়ারি যথেষ্ট নয়; গোয়েন্দা নজরদারি, জুলাই হত্যাকারীদের দ্রুত বিচার ও নিরপেক্ষ আইন প্রয়োগের দৃষ্টান্ত তৈরি করতে হবে। যাতে জনমনে আস্থা ফেরানো যায়। সংসদের ভেতরে-বাইরে যে উদ্বেগ উচ্চারিত হয়েছে, তার বাস্তব প্রতিফলন ঘটুক প্রশাসন ও নীতিনির্ধারণে। গণতন্ত্র ও সাধারণ মানুষের জীবিকা রক্ষায় ঐক্যবদ্ধ ও দৃঢ় পদক্ষেপ পারে দেশকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








