গলাচিপায় সড়ক সংস্কার চাই
চিঠি পত্র।

 

Advertisement

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছারছীনা খানকাহ থেকে কলাগাছিয়ার ১৯ কিলোমিটার পর্যন্ত সড়কের বেহাল দশা। এটি গলাচিপা উপজেলার পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরা। পিচ উঠে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
এই সড়কে প্রায়সময় দুর্ঘটনা ঘটে। অনেকসময় যানবাহন বিকল হয়ে পড়ে এবং কৃষকদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। উৎপাদিত ফসল বাজারজাত করতে ব্যয় বাড়ে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। 
অন্য দিকে ফুলখালী স্লুইস থেকে তেঁতুলতলা বাজার পর্যন্ত দীর্ঘ সড়ক নদীভাঙনে বিলীন হওয়ার শঙ্কা আছে। কিছু দিন আগে চিকনিকান্দি থেকে ডাকুয়া ফেরার পথে বরযাত্রীবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। নববধূকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। বরসহ গুরুতর আহত হয়েছেন কয়েকজন। 
সড়ক সংস্কারের জন্য এর আগে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলজিইডি কার্যালয়ে আবেদন দেয়া হয়েছে। করা হয়েছে মানববন্ধন। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন; কিন্তু এখনো সংস্কার হয়নি। সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য গলাচিপা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো: খাইরুল হোসাইন, শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি