সরকার
১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। নয়া দিগন্ত
ads

এবার ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে ও যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।’

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

নতুন করে যে ১২ জন অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন- মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান, মো: সাবিরুল ইসলাম, মো: হেলাল মাহমুদ শরিফ, মো: মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো: জহির রায়হান, এ কে এম টিপু সুলতান ও মেহেদী হাসান।

আর বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবেরা হলেন মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।

এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।