
চট্টগ্রামের আনোয়ারায় নাশকতা ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থায় বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ইউনিয়নে রাতে যৌথ টহল, তল্লাশিচৌকি স্থাপন এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ বিশেষ কার্যক্রমে উপজেলা প্রশাসন, আনোয়ারা থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অংশ নেন।
টহল চলাকালে উপজেলার চাতরী, বৈরাগ, বারশত, বটতলী, বরুমচড়া, হাইলধর, জুঁইদণ্ডী ও আনোয়ারা সদরসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। বিশেষ করে কালাবিবির দিঘির মোড়, কর্ণফুলী টানেল চত্বর, চায়না রোড ও কোরিয়ান ইপিজেডসংলগ্ন সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এসব স্থানে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, চায়না রোড ও টানেল চত্বর থেকে শুরু করে উপকূলীয় ইউনিয়নসহ পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নেয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতসহ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, বিকেল ৫টা থেকে থানা-পুলিশ ও ডিবির যৌথ দল চাতরী, বৈরাগ, বারশত, জুঁইদণ্ডীসহ পুরো উপজেলায় টহল দিচ্ছে। কোনো সন্ত্রাসী, নাশকতাকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। বিশেষ টহল ও অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, অস্থিতিশীলতা এড়াতে কর্ণফুলী টানেল সংযোগ সড়কসহ প্রতিটি ইউনিয়নে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সে জন্য থানা-পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরাও মাঠে কাজ করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









