
হোটেল ও হকার্স খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
চাকরির অনিশ্চয়তা ও বকশিশের ওপর নির্ভরতা
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘হোটেল শ্রমিকদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। কখন চাকরি থাকে, আর কখন চলে যায়, তা শ্রমিকেরা নিজেরাও জানেন না। অধিকাংশ শ্রমিকের নিয়োগপত্র নেই। সামান্য বেতনে কাজ করেও অনেককে কাস্টমারের বকশিশের ওপর নির্ভর করে চলতে হয়। এভাবে একজন শ্রমিকের জীবন চলতে পারে না।’
তিনি আরো উল্লেখ করেন, ‘হোটেল মালিক ব্যবসার লাভ ভোগ করবেন, আর শ্রমিকেরা বকশিশের ওপর নির্ভর করে জীবনযাপন করবেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
শিশুশ্রম ও নজরদারির ঘাটতি
শিশুশ্রম প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ফেডারেশনের সভাপতি বলেন, ‘সারাদেশের বিভিন্ন হোটেলে শিশুদের শ্রমিক হিসেবে কাজে নিয়োজিত করা হচ্ছে। অথচ ১৫ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ দেয়া আইনত দণ্ডনীয়। শিশুশ্রমের কারণে এসব শিশুর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কিন্তু এ বিষয়ে কার্যকর নজরদারি নেই। শিশুদের শিশুশ্রম থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন হতে হবে।’
রাজপথের আন্দোলন ও ফেডারেশন গঠনের উদ্যোগ
শ্রমিকদের বাস্তব চিত্র তুলে ধরে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘শ্রমিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে দেশের শ্রমিকদের অধিকার ও বাস্তব অবস্থা সম্পর্কে আমরা অবগত। শ্রমিকেরা যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করেন, তখনই সরকার তাদের দাবির বিষয়ে কিছুটা হলেও উদ্যোগ নেয়। কিন্তু কোনো সরকারই সহজে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চায় না। সরকার যখন শ্রমিকদের প্রতি বৈষম্য করে এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তখন রাজপথে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরো যোগ করেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সংরক্ষণে ট্রেড ইউনিয়ন এবং জাতীয়ভিত্তিক সেক্টর ফেডারেশন গঠন করা প্রয়োজন। এ লক্ষ্যে সারাদেশে হোটেল ও হকার্স শ্রমিক ফেডারেশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। শ্রমিকদের সংগঠিত করে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হোটেল ও হকার্স সেক্টরের শ্রমিক প্রতিনিধিরা এই সভায় অংশ নেন। আলোচনায় শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ, পেশাগত সমস্যা এবং সংশ্লিষ্ট খাতের সাংগঠনিক কার্যক্রম গুরুত্ব পায়।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠুর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক লসকর মো: তসলিম, সহসাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ হোটেল ও হকার্স সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









