সিলেট, আগুন,
সিলেটে সাবেক এমপির বাড়িতে আগুন দিতে গিয়ে পুড়ল বিএনপি কর্মীদের ২২ বাইক। নয়া দিগন্ত
ads

সিলেটের দক্ষিণ সুরমায় একই দিনে বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শনিবার ভোরে বর্তমান এমপি এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলার কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা চালান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

এ সময় গ্রামবাসীর ধাওয়ায় ২২টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা, যেগুলোতে পরে ক্ষুব্ধ গ্রামবাসী আগুন ধরিয়ে দেন। দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও পাল্টা সহিংসতায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভোরে এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা

শনিবার ভোরে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন সংসদ সদস্য এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। 

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে পিকআপে করে এসে একদল দুর্বৃত্তকে বাড়িতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। ঘটনার সময় এম এ মালিক স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন। নিরাপত্তারক্ষীর তৎপরতায় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

সন্ধ্যায় হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও পাল্টা ধাওয়া

এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে আসা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়ির ড্রয়িংরুমের আসবাবপত্র ও সামনের অংশে আগুন দেওয়া হয়।

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

স্থানীয় মসজিদ থেকে গ্রামে ডাকাত প্রবেশের ঘোষণা দেওয়ার পর গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন। একপর্যায়ে রাস্তায় গাছ ফেলে হামলাকারীদের মোটরসাইকেল বহরের পথ আটকে দেয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা ২২টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ গ্রামবাসী মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন।

সাবেক দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ জানান, হামলার সময় যুবদল ও ছাত্রদলের তিনজন নেতাকর্মী স্থানীয় কয়েকটি বাড়িতে আশ্রয় নেন। পরে বিএনপি নেতা জিলা মেম্বার ও লিটন মিয়াকে সাথে নিয়ে তিনি তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ২২টি মোটরসাইকেলের পুড়ে যাওয়া ট্যাংকি দেখতে পান বলেও জানান তিনি।

অন্যদিকে, হাবিবুর রহমানের স্বজনদের অভিযোগ, ১৫০ থেকে ২০০ জনের একটি দল বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়ির উঠানে আসবাবপত্রে আগুন জ্বলতে এবং গ্রামের বিভিন্ন স্থানে মোটরসাইকেল পুড়তে দেখা গেছে।

পুলিশের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো: আফজাল হোসেন বলেন, শনিবার ভোরে এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং সন্ধ্যায় হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এম এ মালিকের বাড়িতে হামলার ঘটনায় প্রাথমিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এদিকে নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এম এ মালিক। 

তিনি অভিযোগ করেন, ভারত থেকে ‘বুবুজান’, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘র’-এর পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে। তবে তার এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় একাধিক সূত্রের ধারণা, ভোরে এম এ মালিকের বাড়িতে হামলার ঘটনার জের ধরেই সন্ধ্যায় হাবিবুর রহমানের বাড়িতে হামলা হয়ে থাকতে পারে।