
তুরস্কে বড় ধরনের বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে ১০৮ জনের সম্পদ জব্দ করেছে দেশটির কৌঁসুলিরা। শেয়ার কেনাবেচা করে প্রত্যেকেই ২০ লাখ ডলারের বেশি মুনাফা করেছেন। বিরোধী দলের এক সংসদ সদস্যের উদ্ধৃত একটি আইনি নথিতে এ তথ্য জানা গেছে।
গত ১৮ নভেম্বর কৌঁসুলিদের তৈরি সম্পদ জব্দের এ সংক্রান্ত নথিটি তুরস্কের গণমাধ্যমে ফাঁস হয়। এর কিছু অংশ শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন বামপন্থী ওয়ার্কার্স পার্টি অব তুরস্কের (টিআইপি) সংসদ সদস্য আহমেত শিক। খবর বার্তা সংস্থা এএফপির।
দুই মাস আগে কয়েক কোটি ডলারের বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির সূত্রপাত হয়। এতে প্রায় পাঁচ লাখ মানুষের সঞ্চয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ক্ষমতাসীন দলের ওপর চাপও বেড়েছে।
অভিযোগ রয়েছে, কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেখাতে বিনিয়োগ তহবিল ব্যবহার করা হয়েছিল। এতে শেয়ারগুলোর মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে ভেতরের তথ্য জানা ব্যক্তিরা বিপুল মুনাফা করার সুযোগ পান।
শিকের উদ্ধৃত নথিতে বলা হয়েছে, কারসাজি শনাক্ত হওয়ার সময়কালে ১০ কোটি তুর্কি লিরার বেশি ব্যক্তিগত মুনাফা করেছেন- এমন ‘১০৮ জনকে শনাক্ত করা হয়েছিল।’ কিন্তু তাদের বিরুদ্ধে ‘কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’
নথিতে বলা হয়, ‘ফলে এসব ব্যক্তির সম্পদ জব্দের সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে জানানো হয়েছে।’
শিক জানান, নথিতে ওই ব্যক্তিদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি। তাদের মধ্যে রাষ্ট্রীয় প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক যোগাযোগ রয়েছে এমন কয়েকজন, ব্যবসায়ী এবং অর্থ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা খাতের ব্যক্তিরা রয়েছেন।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি এ কেলেঙ্কারির সূত্রপাত হয়। ওই সময় কয়েকটি তহবিল বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়ার অনুরোধ পূরণে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থাগুলো ৭টি প্রতিষ্ঠানকে অবসায়নের আওতায় আনে। এসব প্রতিষ্ঠান ১৩১টি বিনিয়োগ তহবিল পরিচালনা করত। তহবিলগুলোর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার।
এ কেলেঙ্কারি তুরস্কের ক্ষমতাসীন মহলে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। চলতি মাসের শুরুতে এরদোগানের ক্ষমতাসীন একে পার্টির সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাকে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠানো হয়। এ সপ্তাহে দলটির শীর্ষ এক নেতার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, একে পার্টির উপপ্রধান হায়াতি ইয়াজিচির ছেলে মুস্তাফা ইয়াজিচিকে বৃহস্পতিবার ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কৌঁসুলিরা। পরে তাকে বিচারিক নজরদারিতে মুক্তি দেয়া হয়।
এ সপ্তাহে বিরোধী দলের এক সংসদ সদস্য একে পার্টির আরেক জ্যেষ্ঠ নেতার দুই ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা তেরা নামের একটি প্রতিষ্ঠানের সাথে তাদের কথিত সংশ্লিষ্টতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
এ কেলেঙ্কারি দেশটির আর্থিক নিয়ন্ত্রক ব্যবস্থাকেও নাড়িয়ে দিয়েছে। গত বুধবার কৌঁসুলিরা সাবেক ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার প্রধান শাহাপ কাভচিওগলুর বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়েছেন। তিনি গত সপ্তাহে পদত্যাগ করেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুমতির সিদ্ধান্তের অপেক্ষা না করেই তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ সঙ্কটের জেরে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এ ছাড়া ‘ঘুষ গ্রহণের’ অভিযোগে ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীকে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠানো হয়েছে।
এরদোগান চলতি সপ্তাহে জানান, কৌঁসুলিরা এ ঘটনায় ৫০০ জন সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত করছেন। তাদের মধ্যে ১৩৬ জন বিচার-পূর্ব আটক রয়েছেন এবং ২৮৫ জনকে বিচারিক নজরদারির শর্তে মুক্তি দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









