
বাংলাদেশে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ চীনা দূতাবাসের তত্ত্বাবধানে ‘সিল্ক রোড ধরে স্বপ্নের পথে, একটি জয়-জয় ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি, শিল্পায়ন এবং স্থানীয় সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও নতুন মডেল
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) প্রেসিডেন্ট হান খুন বলেন, বিআরআই কেবল অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নয়, বরং বাংলাদেশের টেকসই উন্নয়নে এটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতিফলন।
তিনি বলেন, গত এক দশকে অবকাঠামো ও যোগাযোগের পাশাপাশি জ্বালানি, ডিজিটাল নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্পায়ন ও পরিবেশবান্ধব উন্নয়নে সহযোগিতা বিস্তৃত হয়েছে। প্রকল্পের সংখ্যার চেয়ে মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরই সাফল্যের প্রকৃত মাপকাঠি বলে উল্লেখ করেন তিনি।
ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইয়ুইন জানান, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত সমঝোতাস্মারক ছিল দক্ষিণ এশিয়ায় চীনের প্রথম আন্তঃসরকারি বিআরআই চুক্তি।
তিনি বলেন, আগামী দিনে ‘চীনা প্রযুক্তি ও বাংলাদেশি উৎপাদন’ মডেলের ওপর ভিত্তি করে সহযোগিতা এগিয়ে নেয়া হবে। এতে চীনের ১৪০ কোটির বেশি মানুষের বাজারে বাংলাদেশের পাট, চামড়া ও কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ার পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এনার্জি স্টোরেজ, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তিতে নতুন শিল্পোন্নয়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তর, এআই এবং আইসিটি খাতে যৌথ কাজ জোরদারের কথাও জানান তিনি।
প্রযুক্তি হস্তান্তর ও ছয় অগ্রাধিকার খাত
ব্লু পেপারের প্রধান গবেষক ও সেন্টার ফর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মূল প্রবন্ধে বলেন, বিআরআইয়ের প্রথম দশকে অবকাঠামো খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আগামী দিনে বিনিয়োগের গুণগত মান, প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় সক্ষমতা তৈরিতে বেশি মনোযোগ দিতে হবে।
তিনি ছয়টি খাতকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান—
অবকাঠামো ও বহুমাত্রিক যোগাযোগ
স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
উচ্চপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
নবায়নযোগ্য জ্বালানি
তৈরি পোশাক ও শিল্পায়ন
অধ্যাপক ইমতিয়াজ উচ্চগতির রেল নেটওয়ার্ক এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার সংযোগের সম্ভাবনার পাশাপাশি বাংলা ভাষার নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও ভয়েস মডেল তৈরিতে যৌথ উদ্যোগের সুযোগ তুলে ধরেন। এ ছাড়া আরএমজি খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করা এবং অটোমেশন ও এআইয়ের প্রভাবে নারী শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।
বস্ত্র-পোশাক, জ্বালানি ও বিনিয়োগের আহ্বান
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আয়েশা আক্তার বলেন, বস্ত্র ও পোশাক খাতের কাঁচামালের বড় অংশ চীন থেকে আমদানি করা হলেও শুধু আমদানিতে সীমাবদ্ধ না থেকে দেশেই টেক্সটাইল, সুতা, কাপড় ও রফতানিমুখী পণ্য উৎপাদনে চীনা বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এতে স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে এবং বাণিজ্য ঘাটতি কমবে। তিনি রফতানিমুখী বিনিয়োগ, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে পণ্যের গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে শুধু সরঞ্জাম আমদানি বা সংযোজনে না থেকে যৌথ উৎপাদন ও শিল্পায়নের দিকে যেতে হবে। সৌর ও বায়ুশক্তির পাশাপাশি ব্যাটারি স্টোরেজ, সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট মিটার এবং ইভি চার্জিং অবকাঠামো উৎপাদনে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও পানি অবকাঠামোতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন।
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহা. খোরশেদ আলম অবকাঠামো, শিল্পায়ন, প্রযুক্তি, জ্বালানি ও পুঁজিবাজারে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দীর্ঘমেয়াদি শিল্প ও বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব।
বৈশ্বিক ও ত্রিপক্ষীয় সহযোগিতা
অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিকস বলেন, গত সাড়ে চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে এনে চীন বৈশ্বিক টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, সিডকার সহায়তায় ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগ খুলনা, রাজশাহী, নারায়ণগঞ্জ ও চাঁদপুরের নিম্ন আয়ের প্রায় ৩ লাখ ৮৫ হাজার মানুষের সক্ষমতা ও জীবনমান উন্নয়নে কাজ করছে। ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী টেকসই প্রবৃদ্ধিতে বাংলাদেশ সরকার, চীন ও ইউএনডিপির এই ত্রিপক্ষীয় সহযোগিতা বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









