
পিরোজপুরের বেকুটিয়া সেতু এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন ।
সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে। আহতরা হলেন, কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো: মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝির ছেলে সুনান মাঝি, সাজিদ (২৩) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে দুটি মোটরসাইকেলযোগে পাঁচ আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে আরও তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। শুরুতে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরও খুলনায় পাঠানো হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত চারজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









