
ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি হাতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে কঠোর অবস্থানের কথা জানান তারা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীদের হাতে ঢাল-সরকিসহ দেশীয় অস্ত্র দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। একইসাথে লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু, উপজেলা যুবদলের সদস্য জুয়েল মাতুব্বর ও জাকির হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে নগরকান্দার ঝাটুরদিয়া বিশ্বরোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









