চট্টগ্রামের সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে সিএমপির পাইলট প্রকল্প
সমাপনী দিনে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের হাতে সনদ তুলে দেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী। নয়া দিগন্ত

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাইলট প্রকল্প উপলক্ষে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সিএমপি। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের হাতে সনদ তুলে দেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী। এ সময় তিনি সড়কে আইন প্রয়োগে নতুন প্রযুক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মানিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নগরীর সড়কগুলোতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী। প্রশিক্ষণে ক্যামেরা পরিচালনার কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ ও সড়কে ব্যবহারিক অনুশীলন করানো হয়। জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স এবং পিটার জোন্স কর্মশালা পরিচালনা করেন।

প্রাথমিকভাবে বিআরটিএ অনুমোদিত গতিসীমা কার্যকরে নগরীর বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়কে এই পাইলট প্রকল্প পরিচালিত হবে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে, যার ফলে প্রতিবছর সড়কে প্রায় একশ প্রাণহানি ঘটে।

সিএমপি জানায়, ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে। গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণ শেষে সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়। এছাড়া চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, ৮টি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, ৮টি বহনযোগ্য স্পিড ব্রেকার এবং ৮টি বহনযোগ্য ক্যানভাস তাঁবু দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো: লিয়াকত আলী খান।

হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জিআরএসপি’র পক্ষ থেকে পাওয়া সাতটি ক্যামেরা সড়কে যানবাহনের গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি প্রতিরোধে সক্ষমতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে আরও নিয়মতান্ত্রিকভাবে গতিসীমা পর্যবেক্ষণ ও প্রয়োগ সম্ভব হবে, যা চট্টগ্রামের সকল সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করবে।