
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৭৫ কোটি টাকা) অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ)।
বাংলাদেশসহ মোট ছয়টি দেশকে সমপরিমাণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এই অর্থ উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাতে তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার ফলে এই অনুদানের প্রতিশ্রুতি আদায় সম্ভব হয়েছে। খুব শিগগিরই অর্থ ছাড় করা হবে বলে বাংলাদেশ আশা করছে।
প্রতিমন্ত্রী জানান, অনুদানের অর্থ ছাড় হলে তা মূলত উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। বিশেষ করে দুর্যোগের ঝুঁকি কমানো, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সক্ষমতা বাড়ানোর কাজে অর্থ ব্যয় করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকার চাইলে এই অর্থ সবুজায়নের কাজেও ব্যয় করতে পারবে। তবে সরকারের অগ্রাধিকার থাকবে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা। সে বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগ লাঘব ও জীবনমান উন্নয়নেই অনুদানের অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








