বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স’র লোগো। সংগৃহীত

দুই হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বিআরটি বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা-গাজীপুর বিআরটি করিডোরের নির্ধারিত বাস লেন ভেঙ্গে ফেলা যৌক্তিক না। প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও পরিচালনগত সমস্যা থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে; বিআরটি ব্যবস্থা বা বাস লেনকে দায়ী করা যাবে না। 

Advertisement

বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা-গাজীপুর বিআইটি ভাঙ্গার বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ড. আরিফুল ইসলাম। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. আরিফুল ইসলাম আরো বলেন, ঢাকা-গাজীপুর প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সব নথিপত্র, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা, দায়িত্ব ও ভূমিকা সংরক্ষণ করতে হবে এবং একটি তদন্ত কমিশন গঠন করে তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে। বিআরটি লেন বহাল রাখা বা এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটের কারণে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতিসহ সবকিছুর আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন করা জরুরি। সব পক্ষ ও মতের অংশীজনদের বক্তব্য শুনে, প্রাপ্ত তথ্য ও বিকল্পগুলো বিশ্লেষণ করে এবং সেই তথ্য জনগণের সামনে প্রকাশ করে সিদ্ধান্ত নিতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনো ধরনের অস্বচ্ছতা না রেখে সিদ্ধান্তের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। 

বিআইপি সভাপতি বলেন, বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং গাজীপুরে বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ঢাকা ও গাজীপুরের বিদ্যমান ও চলমান সড়ক প্রকল্পগুলো সম্পন্ন হলে এ করিডোরে যানবাহনের চাপ কমার সম্ভাবনা রয়েছে। বিআরটি প্রকল্পে কোনো কারিগরি ভুল, অনিয়ম বা স্বার্থের সঙ্ঘাত থাকলে তা যথাযথ তৃতীয় পক্ষের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তদন্ত করতে হবে। এসব ভুল বা অনিয়মের দায় বিআরটি লেন বা বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে দেয়া অন্যায় হবে। বরং গাজীপুরবাসীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সাথে আলোচনা, যথাযথ সমীক্ষা এবং তার ফলাফল জনসমক্ষে প্রকাশের ভিত্তিতেই বিআরটি লেন বা বিআরটি বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 

তিনি জোর দিয়ে বলেন, ঢাকাসহ দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন অবশ্যই পরিকল্পনানির্ভর হতে হবে, প্রকল্পনির্ভর নয়।

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি, অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর প্রকল্প বাতিলের সিদ্ধান্তের কারণ এবং দীর্ঘসূত্রিতার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন হাসান, বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী এবং সাবেক প্রিন্সিপাল ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিন।