রাজবাড়ীতে আমানতের টাকা ফেরতের দাবিতে পোস্টঅফিস গ্রাহকদের মানববন্ধন
মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহকরা বিক্ষোভ করেন। নয়া দিগন্ত

রাজবাড়ীতে প্রধান ডাকঘরে আমানতের টাকা জমা রেখে প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আত্মসাতের টাকা ফেরত, গ্রেফতার আসামিদের জামিন না দেয়া এবং পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে তারা আদালতের সামনের সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

Advertisement


বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ সংশ্লিষ্ট অন্যদের যোগসাজশে গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনো কোনো টাকা ফেরত পাননি ভুক্তভোগীরা। এ ঘটনায় পরবর্তী সময়ে আদালতে মামলা দায়ের করেন গ্রাহকরা। ওই মামলার শুনানিতে হাজির হলে পোস্টমাস্টারসহ সাতজনকে গ্রেফতার দেখানো হয় এবং অন্য ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা বলেন, রাজবাড়ী পোস্ট অফিসে তাদের ১০৪ জনের জমা রাখা প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাবসহ সংশ্লিষ্ট অন্যরা। বিষয়টি জানাজানি হওয়ার পর আন্দোলন করলে টাকা ফেরতের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও তারা একটি টাকাও ফেরত পাননি। অনেক কষ্ট করে তারা এ টাকা জমা করেছিলেন।

তারা বলেন, এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় সাতজন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার আসামিরা যেন জামিন না পান এবং মামলার প্রধান আসামি পোস্টমাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধাসহ অন্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে তাদের আত্মসাৎ হওয়া টাকা দ্রুত ফেরতের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক সফিক, সোনালী সরকার, ফরিদা পারভীনসহ অনেকে।

জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানত জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হন ১০৪ জন গ্রাহক।

অভিযোগ অনুযায়ী, তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ অন্যদের যোগসাজশে লেটার রাইটার শিহাব গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সাদা স্লিপ দিলেও সেই অর্থ পোস্ট অফিসের কোষাগারে জমা করেননি। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে ভুক্তভোগী গ্রাহক ও ডাক বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।