
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ২০২৪ সালে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করলেন তিনি। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সংবাদদাতা কৃষ্ণ এন দাস সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ২৭ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানান।
রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে দেখা যায়, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন হাসিনা। ২০২৪ সালে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এর দুই বছরের বেশি সময় পর তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা সৃষ্টি করতে পারে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।
হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতেই তিনি দেশে ফিরতে চান। সোমবার তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার দায়ে অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের যুদ্ধাপরাধবিষয়ক আদালত। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাদের মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতাও বিবেচনায় নেয়ার অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদের কেউ কেউ ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








