
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, একাত্তরের মহান স্বাধীনতা ও ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শনিবার (৭ নভেম্বর) রাতে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
প্রতিমন্ত্রী বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন।
সেদিন তাকে (জিয়াউর রহমান) মুক্ত করা না গেলে বাংলাদেশ এখনো বিদেশী তাঁবেদারির শিকার থাকত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের ইতিহাস নষ্ট করেছিল। ৭ নভেম্বরের মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্রের সূচনা করেছিলেন। তরুণ প্রজন্মকে ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
দেশের উন্নতির জন্য সবাইকে ছোট ছোট আইন মেনে চলারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা।
পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








