জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, তারেক রহমান, রুহুল কবির রিজভী, পোশাকশ্রমিকদের আন্দোলন, ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও উপদেষ্টা রুহুল কবির রিজভী। সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (শনিবার) রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

এদিন সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির বিষয়ে কথা বলেন।

Advertisement

সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়ানোর অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘পলাতক শক্তি দেশের বাইরে থেকে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাকশ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে।’

আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কিছু কারখানার মালিকও এসব অরাজকতায় জড়িত বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেয়া হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ‘৭ নভেম্বর উপলক্ষে পোশাকশ্রমিকদের কর্মসূচির নিরাপত্তা দেবে জনগণ। সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ নেই। জনগণ তা প্রতিহত করবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘একটি কৃত্রিম সঙ্কট তৈরির জন্য এসব অরাজকতা করা হচ্ছে। বিরোধী দল শ্রমিক আন্দোলনে সংহতি জানিয়েছে। তার মতে, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির সাথে গুপ্তদের সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে। শ্রমিক আন্দোলনের সঙ্কটের সমাধান হয়েছে। এখন যা হচ্ছে, তা ফ্যাসিবাদী রাজনীতি।’

উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।