
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও টানা তৃতীয় রাতের মতো ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকায় হামাস কর্তৃক নিযুক্ত উপ-শিক্ষামন্ত্রীও রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহ এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় গাজার উপ-শিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা এবং তার স্ত্রী আবির মোহাম্মদ ইসমাইল আবু নাদা নিহত হন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এটি হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হত্যাকাণ্ডেরই একটি অংশ।
গত এক মাসে ইসরাইল হামাসের প্রায় ৮০ জন যোদ্ধাকে হত্যা করেছে বলেও জানান তিনি।
হামাস উপ-শিক্ষামন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত বুধবার গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উত্তর গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার পরিচালক মুহাম্মদ মজিদ আবু আল-আউফ শাতি শরণার্থী শিবিরে এক হামলায় নিহত হয়েছেন। হামলায় তার স্ত্রী ও দুই মেয়েও নিহত হন।
মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে ‘ইসরাইলি দখলদার বাহিনীর চালানো এক ভয়াবহ গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।
অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম আবু নাহাল নিহত হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই এই নতুন হামলার ঘটনা ঘটল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৯ ফিলিস্তিনি নিহত এবং আরো ৪৮ জন আহত হয়েছেন।
এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজায় নতুন সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। এই অভিযানের ফলে ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারে। গাজার বাসিন্দাদের এলাকাটি ছেড়ে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৭০৫ জন নিহত এবং ছয় হাজার ১৬৩ জন আহত হয়েছেন।
একই সময়ে ৮৫১ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র : সৌদি গেজেট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









