জাতীয় সংসদ
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জনবল সংক্রান্ত সভা। জাতীয় সংসদ

জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সচিবালয়ের সাংগঠনিক সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সাংগঠনিক সংস্কার কার্যক্রমে কারিগরি ও পেশাগত সহায়তা দিতে দুই থেকে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ এবং সেসব সিদ্ধান্ত পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ ও আলোচনা হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগ কার্যক্রম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগ কার্যক্রম বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদানের জন্য দুইজন অথবা ক্ষেত্রবিশেষে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে পরামর্শক নিয়োগের বিষয়ে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাথে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মো: সেলিম রেজা এমপি এবং মোসাম্মৎ শাম্মী আক্তার এমপি অংশ নেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।