ডিবি হারুন, পুলিশ
মোহাম্মদ হারুন অর রশীদ ওরফে ডিবি হারুন। ফাইল ছবি

দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে অবশেষে চাকরি থেকে বরখাস্ত হলেন ‘ডিবি হারুন’ হিসেবে পরিচিতি পাওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ। 

Advertisement

একই অভিযোগে বরখাস্ত করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন আরো সাত কর্মকর্তাকে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের কথা জানানো হয়। 

‘ডিবি হারুনের’ বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

সেখানে বলা হয়, তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এতো আরো বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে হারুন অর রশীদ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই তারিখ থেকে তার চাকরি থেকে বরখাস্তের আদেশ কার্যকর হবে। এত দিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় মামলার নথিপত্র, তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামত পর্যালোচনা করে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ সিদ্ধান্তে অনুমোদন দেন।

এদিকে, হারুন অর রশীদের মতোই কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো: আনিসুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সহকারী মো: মনিরুজ্জামান সরকার ও ডিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার ফারহানা তাসকিনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বরখাস্তের কারণ হিসেবে কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ, দেশের বাইরে গিয়ে আর কর্মস্থলে ফিরে না আসার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। যেটি অসদাচরণের শামিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।