মাহবুব উর রহমান রুহেল
মাহবুব উর রহমান রুহেল। সংগৃহীত

চট্টগ্রাম-১ আসনে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

Advertisement

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রেলওয়ের জমি দখল করে কারখানা পরিচালনা এবং এতদসংক্রান্ত সরকারি এক কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

তিনি গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মন্ত্রী মরহুম ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে। 

সোমবার দুদক চট্টগ্রামের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ ও ৪৪৭ ধারায় মামলাটি করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রুহেল মিরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলি মৌজায় পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও হলো ব্লক কারখানা স্থাপনের জন্য ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ের কাছে তিন দশমিক ৭৫ একর জমি দীর্ঘমেয়াদি লিজের আবেদন করেন।

কিন্তু লিজ মঞ্জুর হওয়ার আগেই তিনি প্রতারণামূলকভাবে ও অবৈধ উপায়ে সরকারি জমি জবরদখল করে সেখানে সেমিপাকা কারখানা ও দ্বিতল অফিস ভবন নির্মাণ করেন। শুধু তাই নয়, যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ওই জমির অন্তর্ভুক্ত একটি সরকারি পুকুর ভরাট করে ভূমির শ্রেণি পরিবর্তন করেন।

দুদক জানায়, আগে থেকেই একরামুল হক নামে এক ব্যক্তির অনুকূলে বৈধ কৃষি ও মৎস্য চাষের লাইসেন্স বলবৎ ছিল। বৈধ লিজ গ্রহীতার জমি লিজের মেয়াদ থাকাকালীন অবস্থাতেই জোরপূর্বক দখল করে নেন সাবেক এই সংসদ সদস্য।

বিনা দরপত্রে বাণিজ্যিক লাইসেন্স দেয়ার সুযোগ না থাকার পরও ২০১৮ সালের মার্চ মাসে তৎকালীন রেলমন্ত্রী মো: মুজিবুল হকের বিশেষ নির্দেশনায় নীতিমালা শিথিল করে গ্যাসমিন লিমিটেডকে মাত্র শূন্য দশমিক ৭৪ একর (৩২,১৩০ বর্গফুট) জমি সম্পূর্ণ অস্থায়ী ও বাৎসরিক নবায়নের ভিত্তিতে লিজ দেয়া হয়।

কিন্তু উপজেলা ভূমি অফিসের সরেজমিন তদন্তে উঠে আসে, আসামি মাহবুব উর রহমান রুহেল লিজ নেয়া শূন্য দশমিক ৭৪ একর জমির বাইরে অতিরিক্ত আরো ১৫৪ শতক (এক দশমিক ৫৪ একর) রেলভূমি অবৈধভাবে দখল করে নিজের ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। এভাবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার আশ্রয় নিয়ে সরকারের মোট এক কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাৎ করেছেন। বাসস