
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো: নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে লিংক প্রেরণের শেষ তারিখ ৪ নভেম্বর। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক প্রকাশ ৫ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ২৪ নভেম্বর। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘এই কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম/পুরোহিতগণের মাধ্যমে নামাজ/প্রার্থনার আগে বা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








