বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
রিয়াদগামী বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোতে বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

Advertisement

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করা হওয়ায় বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ স্থগিত করা হয়েছে বলে শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ফ্লাইটগুলোতে বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। বিমান কর্তৃপক্ষ সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছে। এই ফ্লাইটগুলোর পুনর্নির্ধারণ বা হালনাগাদ তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে সৃষ্ট অপ্রত্যাশিত বিঘ্ন এবং যাত্রী ও তাদের পরিবারের অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমান কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের নিকটতম বিমান বিক্রয় অফিসে যোগাযোগ করতে পারেন। নতুন তথ্য পাওয়া গেলে তা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

সূত্র : বাসস