
৯ উইকেট হারিয়ে জয় থেকে তখন ১৩ রান দূরে বাংলাদেশ। শেষ দুই ব্যাটসম্যানের ওপর ভর করে ম্যাচ জেতার কঠিন সমীকরণ। কিন্তু সেই চাপকে অবিশ্বাস্যভাবে উড়িয়ে দিলেন ইকবাল হোসেন ইমন।
পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে সব শঙ্কা দূরে ঠেলে দেন এই পেসার। সুবাদে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।
শনিবার দোহায় ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। এরপর পারভেজ হোসেন ও শাহাদাত হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল।
পারভেজের ৩৩ রানের ইনিংসে ছিল আক্রমণাত্মক ব্যাটিং। শাহাদাতের সাথে গড়েন ৫০ রানের জুটি। এরপর ইয়াসির আলীকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহাদাত। তবে সেই চেষ্টা দীর্ঘ হয়নি।
১৬.২ ওভারে ইয়াসির ফেরেন ২০ রান করে। একই ওভারে শাহাদাতও আউট হন ২৫ রান নিয়ে। পরের ওভারে ইরফান শুক্কুর (১) আউট হলে মাত্র ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল।
৮১ রানে ২ উইকেট থেকে ৮৩ রানে ৫ উইকেট—হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আফগানদের হাতে। সেই বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
দুজনের ৮৯ বলে ৪৯ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরায়। সাব্বির ৪৩ বলে ২৮ রান করে ফিরলেও সাইফউদ্দিন ধরে রেখেছিলেন আশা। কিন্তু ৮০ বলে ২৮ রান করে তার বিদায়ের পর আবারো বিপদ বাড়ে।
রুবেল ও রাকিবুলও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান, হাতে শেষ উইকেট। রিপন মন্ডলে ও ইকবাল প্রথম ৮ বলে নেন ৩ রান। এরপর ৪৬তম ওভারে ফরমানউল্লাহর বলে মিডউইকেট দিয়ে চার মারেন ইকবাল।
পরের বল লং অনের ওপর দিয়ে ছক্কা—সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। ১১ নম্বরে নেমে ২ বলে ১০ রান করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন এই তরুণ পেসার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানেই অলআউট হয় আফগানিস্তান ‘এ’ দল। শুরুতে দুই ওপেনারকে ফিরিয়ে ভালো অবস্থান তৈরি করেন রিপন মন্ডল।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন আফগান অধিনায়ক ইকরাম আলিখিল। তার ৯৪ বলে ৪৮ রানের ইনিংসই আফগানদের সর্বোচ্চ। অষ্টম উইকেটে মারুফখিলের সাথে ৪৪ রানের জুটিও গড়েন তিনি।
বাংলাদেশের হয়ে রিপন ৩ উইকেট নেন। মোহাম্মদ রুবেল, সাইফ হাসান ও ইকবাল হোসেন ইমন নেন ২টি করে উইকেট।
এই জয়ে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান। গ্রুপসেরা নির্ধারণে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









