আভিগদোর লিবারম্যান ও বেনিয়ামিন নেতানিয়াহু
আভিগদোর লিবারম্যান ও বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ads

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইল বেইতেনু দলের প্রধান আভিগদোর লিবারম্যান বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাই তার ‘মূল লক্ষ্য’। এছাড়া মার্কিন জনগণের কাছে ইসরাইলের ভাবমূর্তি নজিরবিহীনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত শুক্রবার (২০ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-তে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন লিবারম্যান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমানে আমার প্রধান লক্ষ্য হলো নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।’ 

লিবারম্যানের মতে, রা’আম দলকে সরকারি জোটে অন্তর্ভুক্ত করা হলে তা এই লক্ষ্য অর্জনের পথে বাধা তৈরি করবে। এই দলটি ‘ইউনাইটেড আরব লিস্ট’ নামেও পরিচিত।

তিনি যুক্তি দেন যে, কোনো সরকার যদি রা’আম ও জয়েন্ট লিস্ট দলের ওপর নির্ভর করে, এমনকি যদি এই দলগুলো আস্থা ভোটে কেবল ভোটদান থেকে বিরতও থাকে, তবুও তা নেতানিয়াহুকে পুনরায় ক্ষমতায় ফিরতে সহায়তা করবে।

লিবারম্যান যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলের বর্তমান অবস্থানকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে আমেরিকানদের মধ্যে দেশটির প্রতি সমর্থন এতটা তীব্রভাবে কখনো হ্রাস পায়নি।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পায়। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী জোট ‘চেঞ্জ’ ৪৮টি আসন লাভ করে, এর মধ্যে ইসরাইল বেইতেনু অন্তর্ভুক্ত রয়েছে। ইসরাইলের ১২০ সদস্যবিশিষ্ট পার্লামেন্ট ‘নেসেট’-এ আরব দলগুলো ১৯টি আসন জিতেছে।

১১ নভেম্বর ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান নেতানিয়াহুর পরিবর্তে নতুন সরকার গঠনের লক্ষ্যে আরব দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানান। তবে লিবারম্যান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি এমন কোনো সরকারে যোগ দেবেন না যেখানে আরব দলগুলো অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল।

৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জোট ‘চেঞ্জ’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। আইজেনকোটের হাতে ২৮ দিন সময় রয়েছে, যা প্রয়োজনে আরো ১৪ দিন বাড়ানো যেতে পারে। 

আইজেনকোট যদি সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট হারজোগ অন্য কোনো আইনপ্রণেতাকে এই দায়িত্ব দিতে পারেন।

নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর থেকে ইসরাইলের বিদায়ী সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন। সে সময় তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী জোটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি