গ্রেফতার
বিদেশী পিস্তল গুলিসহ গ্রেফতার দুইজন। নয়া দিগন্ত
ads

ফেনী সোনাগাজীতে সমবায় দলের আহ্বায়ক সালাহউদ্দীন আকবরকে অবৈধ একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জোরালগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে পুলিশের তল্লাশি চৌকি জোরারগঞ্জ নয়টিলা মাজার এলাকা থেকে তাকে এবং তার সহযোগিকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির শান্তি পরিবহন নামের একটি বাসে ফেরার সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন গুলিসহ সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪) দুইজনকে আটক করা হয়।

পিস্তলসহ আটককৃত সালাহউদ্দিন আকবর সোনাগাজী উপজেলা সমবায় দলের আহ্বায়ক ও ইবনে জাহিদ স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন বলে সূত্র জানায়।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপিতে সমবায় দল নামে কোনো দল নিবন্ধনকৃত নেই। তাই এ সমস্ত পরিচয় গ্রহণযোগ্য নয়।’

জোরারগঞ্জ থানা ওসি মো: আব্দুল হালিম জানান, অত্যন্ত সুকৌশলী জাপানি পিস্তল এবং ম্যাগজিন তারা বহন করতে ছিল। আমাদের তল্লাশি চৌকি চোখকে পাকি দিতে পারে নাই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।