
গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবির জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২টি শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক, ১ হাজার ৩১৮ মিটার থান কাপড়, ২ হাজার ৬৪৭টি ইমিটেশন গহনা এবং ৩ লাখ ৯ হাজার ২৪৬টি কসমেটিকস সামগ্রী।
এছাড়া ২০ লাখ ৮৭ হাজার ৮০৯টি আতশবাজি, ১ হাজার ৯১২ ঘনফুট কাঠ, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা, ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর, ৩ হাজার ৬১১ কেজি চা পাতা, ৫ হাজার ৩৫ কেজি সুপারি, ৭১৩টি মোবাইল ফোন, ৬ হাজার ২৯৩টি মোবাইল ডিসপ্লে ও ৯ হাজার ৪০৭টি মোবাইল যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ৫১ হাজার ৫৫০টি জিলেট ব্লেড, ১৩ হাজার ৪৩৫টি চশমা, ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকলেট, ১৬৩ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১ হাজার ৬০৫ কেজি বাংলাদেশী পাট, ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি, ২০ হাজার ৩২৩ কেজি সার, ১৫ লাখ ৪০ হাজার ৮টি চিংড়ি মাছের পোনা, ৭৫ কেজি কারেন্ট জাল এবং ১ হাজার ৩৫৯ লিটার ভোজ্যতেল।
এছাড়া ৮৯ হাজার ৬০০টি ইলেকট্রিক রেজিস্ট্যান্স ও চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৭৩ প্যাকেট কীটনাশক, ৭ লাখ ৩৯টি বিভিন্ন প্রকার ওষুধ, ১৬টি কষ্টি বা বেলে পাথর এবং বিপুলসংখ্যক যানবাহন জব্দ করা হয়েছে। যানবাহনের মধ্যে রয়েছে ছয়টি ট্রাক বা কাভার্ড ভ্যান, আটটি পিকআপ, তিনটি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ১০৩টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল, ৩১টি বাইসাইকেল বা ভ্যান এবং ৬৯টি নৌকা।
অভিযানে অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে দুইটি এমজি, তিনটি রাইফেল, ছয়টি দেশী-বিদেশী পিস্তল, দুইটি অন্যান্য অস্ত্র, তিনটি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গুলি, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য।
সেপ্টেম্বর মাসে বিজিবির অভিযানে ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫ পিস ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৯২৫ বোতল বিদেশী মদ, ১৬৫ দশমিক ২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার এবং ১ হাজার ৭১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এছাড়া ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ, ৮ হাজার ৫২৪ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ২ হাজার ১৮টি অ্যানেগ্রা বা স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৮ জন বাংলাদেশী, সাতজন ভারতীয় ও ২০১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








