ঢাকার চারটি বারে একযোগে তল্লাশি চালিয়েছে এনবিআর
ঢাকার চারটি বারে একযোগে তল্লাশি চালিয়েছে এনবিআর। সংগৃহীত

শুল্ক-ভ্যাট ফাঁকি এবং অবৈধ উৎসের অ্যালকোহল বিক্রির অভিযোগে শনিবার (৩ অক্টোবর) রাজধানীর চারটি বারে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে একটি বারের মালিক আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম।

Advertisement

অভিযান চলাকালে কাস্টমস ও আয়কর গোয়েন্দারা বারের নথিপত্র ও মদের মজুদ যাচাই করেন। এনবিআরের জনসংযোগ দফতর এই অভিযানের খবরটি নিশ্চিত করেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার যে চারটি বারে এই সমন্বিত তল্লাশি চালানো হচ্ছে সেগুলো হলো—ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ। এর মধ্যে ফু ওয়াং বোওলিংয়ের মালিকানা রয়েছে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের নামে। 

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি) চারটি বিশেষ দল গঠন করে এই অভিযান শুরু করে। তাদের সাথে যুক্ত আছেন আয়কর গোয়েন্দা ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারাও।

এনবিআর জানিয়েছে, এসব বারে অবৈধ উৎস থেকে বিদেশী মদ সংগ্রহ, অননুমোদিত গ্রাহকদের কাছে সরবরাহ এবং প্রযোজ্য শুল্ক ও আয়কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে মজুদ থাকা অ্যালকোহলের পরিমাণ এবং তা আমদানির বৈধ কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। রাজস্ব ফাঁকির প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে শেখ নুর ইসলামের শুল্কমুক্ত বন্ডেড ওয়্যারহাউজ ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে কূটনীতিকদের জন্য আনা মদ খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে কাস্টমস গোয়েন্দারা প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউজ সিলগালা করে দেয়। অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।