
মোহাম্মদ জাফর ইকবাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে করণীয় বা কৌশল নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন রাজনৈতিক বিশ্লেষকসহ খোদ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির একটি অংশ মনে করছে, আওয়ামী লীগ কেন্দ্রিক কৌশল কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তাদের কেউ মনে করেন, আক্রমণ এলে পাল্টা আক্রমণ করতে হবে। আবার একদল মনে করেন, পাল্টাপাল্টি পদক্ষেপ সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে এবং সে কারণে সতর্কতা অবলম্বনের পক্ষপাতী তারা। অন্য দিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের নীরবতায় অনেক প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তাদের মতে, এসব সহিংসতা মোকাবেলায় সরকারের কার্যকর উদ্যোগই যথেষ্ট। কিন্তু সেভাবে প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে না। কেউ কেউ বলছেন, দেশে চলমান নানা ইস্যুকে আড়াল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে সেভাবে সরকার ব্যবস্থা নিচ্ছে না। তারা দল হিসেবে এর দায় না নিয়ে সবাইকে নিয়ে মোকাবেলা করতে চায়। যাতে করে শুধু সরকারের উপর দায়টা না পড়ে।
জানতে চাইলে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমদ নয়া দিগন্তকে বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের উত্থানকে ক্ষমতাসীন বিএনপির সাথে একটি বুঝাপড়ার মধ্যেই হয়েছে বলে মনে করি। কারণ, আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে সহিংসতা চালাচ্ছে, আগুন দিচ্ছে, ভাঙচুর চালাচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে সরকার কিছুই করছে না। অথচ জনগণের জানমালের হেফাজতের দায়িত্ব সরকারের ছিল। তিনি বলেন, যেহেতু বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের সহযোগিতা চেয়েছে, প্রচারণায় বলেছে, ক্ষমতায় গেলে তাদের টেককেয়ার করবে, মামলা দিবে না, প্রয়োজনে রাজনীতিও করতে পারবে। এখন যেহেতু বিএনপি সেই উদ্যোগ এখনো নিচ্ছে না, তাই তারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সমর্থন হারানোর ভয়ে বিএনপি সেভাবে অ্যাকশনে যাচ্ছে না। এ ছাড়া জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দল রাজপথে যৌক্তিক আন্দোলন করছে, নানাভাবে তাদের থামানোর চেষ্টা করেও সেটি বন্ধ করা যাচ্ছে না। তাই এই আন্দোলনকে ভিন্ন খাতে সরানোর জন্যও আওয়ামী লীগকে এই স্পেস দেয়ার কারণ হতে পারে। তিনি বলেন, সহিংসতা মোকাবেলায় সরকারই যথেষ্ট। সেটি না করে বিরোধী দলের সহযোগিতা চাওয়াটা উদ্দেশ্যমূলক বলেই মনে হয়।
আরেক রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু হেনা রাজ্জাকী নয়া দিগন্তকে বলেন, সারা দেশে সহিংসতা বন্ধ করতে না পারার পেছনে প্রশাসনের অসহযোগিতাই দায়ী। তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় ক্ষমতা চালিয়েছে। যখনই সহায়তা সরে গেছে, আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হয়েছে। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের ক্ষেত্রেও সেটি হচ্ছে। দেশের বিভিন্নস্থানে নাশকতার সময় প্রশাসনের উপস্থিতি থাকলেও তারা কোনো অ্যাকশনে যাচ্ছে না। তারা চেয়ে চেয়ে দেখছে। এ ছাড়া আওয়ামী লীগের প্রতি সরকারের উদার নীতির কারণেও সহিংসতা বাড়ছে। সরকার বলছে, এই নাশকতার বিরুদ্ধে তারা বড় ধরনের কোনো অভিযানে যাবে না। ফলে আন্দোলনকারীরা জানে, এই সরকার তাদের কিছুই করবে না। সর্বোচ্চ শাস্তি হতে পারে জেল জরিমানা। তাই তারা মন্ত্রী, প্রতিমন্ত্রী এমপি কাউকেই ছাড় দিচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের শীর্ষ মহলের বৈঠকের প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার চাইলে যেকোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক করতেই পারে। কিন্তু সহিংসতা দমনে বিরোধীদের সহায়তা চেয়ে বৈঠক করার কিছু আছে বলে আমি মনে করি না। কারণ, এসব সহিংসতা নিয়ন্ত্রণ করবে প্রশাসন। এনসিপি, জামায়াতে ইসলামী বা বিএনপির এখানে কাজটা কী? এছাড়া যারা নাশকতা করছে, তাদের দাবিটা কি সেটিও স্পষ্ট নয়। ফলে কী নিয়ে আপনি আলোচনা করবেন।
এ দিকে সরকারি দল বিএনপির নেতাকর্মীরাও জানে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মোকাবেলায় তাদের করণীয় বা কৌশল কী হবে। দলটির খুলনা সিটি করপোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার বা দল কোনো দিক থেকে কঠোর হতে হবে এমন কোনো নির্দেশনা আসেনি। আমাদের পরিস্থিতি অবজারভ করতে বলা হয়েছে, যাতে করে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেই। আবার দলের একটি অংশ মনে করছে, আক্রমণ এলে পাল্টা আক্রমণ করতে হবে। এছাড়া আওয়ামী লীগকে দল হিসেবে রাজনীতি করতে না দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে ও কবে নাগাদ নিশ্চিত করা যাবে তা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন আছে। সে কারণে কারো কারো ধারণা, সরকার মুখে যাই বলুক পর্দার অন্তরালে হয়তো পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে।
সূত্র মতে, চলতি মাসের শুরুতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ নভেম্বর থেকে পরের তিন দিনে অন্তত ২১টি জেলায় গাড়ি-ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলাসহ নানা ধরনের সহিংসতা হয়েছে। এরপর আবার আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়। থানা আক্রমণ, যানবাহনে হামলা ভাঙচুর, গোপালগঞ্জে বিএনপির দুই এমপির বাড়িতে আগুন দেয়ার ঘটনার পর নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই কর্মীকে হত্যার ঘটনা ঘটে। এই সহিংসতা চলমান থাকলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেয়ায় জনমনে সন্দেহ সংশয় বাড়ছে।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও বিরোধী দল মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমেই রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র ও সহিংসতার হোতাদের রুখে দেবে। আর যেখানে আইনি ব্যবস্থা নেয়া দরকার সরকার সেখানে তাই নেবে।
তবে সহিংসতার অবসান ঘটিয়ে স্থিতিশীলতা আনতে বিএনপি ও সরকারের ভেতরে সেই চিন্তা কতটা কাজ করছে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা এ-ও বলছেন, একদিকে, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্থিতিশীল করা বা রাখার কথা বলা হচ্ছে, একই সাথে অনেক জায়গায় বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের বাড়ীঘরে সহিংসতাকারীদের আশ্রয় দেয়ারও অভিযোগও উঠছে।
রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, সরকারের লোকজনের কথা শুনে মনে হয় তারা আসলে সমস্যার কিভাবে সমাধান হবে সেটাই উপলব্ধি করছে না, বরং তারা কথা বলে একে অন্যকে ছাপিয়ে যেতে চাইছে। রাজনৈতিকভাবে বিষয়টা হ্যান্ডেল করার মতো পরিপক্বতা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না।
বিএনপি নেতারা মনে করছেন, সরকার কোনো শক্ত পদক্ষেপ না নেয়ায় আওয়ামী লীগের তাণ্ডবটা দেশবাসী দেখেছে, যা সরকারের পক্ষেই গেছে বলে মনে করেন তারা। যদিও সহিংসতা বিভিন্ন জেলায় ক্রমেই ছড়িয়ে পড়তে থাকায় দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের ‘সতর্কতার সাথে সজাগ’ থাকারও নির্দেশনা দেয়া হয়েছে। এর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতাকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক কৌশল ও রাজপথের প্রস্তুতিতে বড় ধরনের পরিবর্তন আনছে দলটি। পাল্টা কর্মসূচিতে না গিয়ে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা অনুযায়ী মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









