গাজা, দুর্ভোগ,অজুহাত,  জাতিসঙ্ঘে, উপমহাসচিব,
জাতিসঙ্ঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ। আনদুলু
ads

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজার ফিলিস্তিনিরা প্রয়োজনীয় নিরাপত্তা, মানবিক সহায়তা ও ঘরবাড়ি পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন না। সেখানে মানুষের দুর্ভোগ অব্যাহত থাকায় চুপ থাকার কোনো অজুহাত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু মঙ্গলবার (২৪ নভেম্বর) আরো জানায়, সোমবার নিউইয়র্কে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সভায় জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে বক্তব্য দেন আমিনা মোহাম্মদ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংহতি দিবসে আমরা একটি চিরন্তন সত্য আবারো ঘোষণা করছি। ফিলিস্তিনি জনগণের মর্যাদা, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।’

তিনি বলেন, ‘সময় নষ্ট করার সুযোগ নেই। চুপ থাকার কোনো অজুহাত নেই। দায়মুক্তিরও কোনো সুযোগ নেই।’

গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে জাতিসঙ্ঘের উপমহাসচিব বলেন, সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাড়িঘর, স্কুল ও হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরই মধ্যে আরেকটি শীত নেমে আসছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের ওপর সামষ্টিক শাস্তি চাপিয়ে দেয়ার কোনো যুক্তিই গ্রহণযোগ্য হতে পারে না।’

আমিনা মোহাম্মদ বলেন, ‘সংহতি প্রকাশের অর্থ শুধু মানুষের দুর্ভোগের সাক্ষী হয়ে থাকা নয়। এই দুর্ভোগের অবসান ঘটাতে কাজ করাও সংহতির অংশ।’

অধিকৃত পশ্চিম তীর, বিশেষ করে পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা, ঘরবাড়ি ভেঙে ফেলা, উচ্ছেদ, জমি দখল ও বাস্তুচ্যুতির কারণে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়িঘর ছাড়তে হচ্ছে। কয়েক প্রজন্মের মধ্যে এত ব্যাপকভাবে ঘরবাড়ি ভেঙে মানুষকে উচ্ছেদের ঘটনা দেখা যায়নি।

তিনি আরো বলেন, ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণ এবং ই১ নীলনকশা এগিয়ে নেয়ার উদ্যোগ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে। এসব তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।

মানবিক সহায়তাকর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা যাবে না বলে সতর্ক করেন আমিনা মোহাম্মদ। একইভাবে ত্রাণ কার্যক্রমে বাধা দেয়া, সহায়তা অন্যদিকে সরিয়ে নেয়া কিংবা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করাও চলবে না। তিনি জাতিসঙ্ঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) রাজনৈতিক ও আর্থিক সহায়তা দেয়ার আহ্বান জানান। সংস্থাটিকে নিজস্ব দায়িত্ব অনুযায়ী কাজ করার সুযোগ দেয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

গাজার ভবিষ্যৎ পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়ার নেতৃত্ব দিতে হবে ফিলিস্তিনিদেরই। পুনর্গঠন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক সমাধানের বিকল্প হিসেবেও একে বিবেচনা করা যাবে না।

জাতিসঙ্ঘ ও বিশ্বব্যাংকের যৌথ মূল্যায়নের কথা উল্লেখ করে তিনি বলেন,গাজায় সংঘাতের কারণে ৭৭ বছরের মানব উন্নয়ন কার্যত ধ্বংস হয়ে গেছে

আমিনা মোহাম্মদ বলেন, ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকার প্রতিষ্ঠিত না হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না।’ তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে এগোনোর একমাত্র কার্যকর পথ বলেও উল্লেখ করেন।