
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক মো: রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর তাকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনার নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্র উন্মোচনের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ লক্ষ্যে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।








