ধানমন্ডিতে পূরবী জুয়েলার্সে চুরি
ধানমন্ডিতে পূরবী জুয়েলার্সে চুরি। নয়া দিগন্ত
ads

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিংমলের ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গহনা এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। চুরির আগে কয়েকজন নিরাপত্তাকর্মীকে মোরগ পোলাওয়ের সাথে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয় বলে ধারণা করছে দোকান কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, চোরেরা দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গহনা নিয়ে গেছে। এর পাশাপাশি ক্যাশে থাকা নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও লুট করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মালিকপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী চুরি হওয়া গহনার পরিমাণ এক হাজার আট শ’ থেকে দুই হাজার ভরি।

দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ থাকতে পারে। জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজন এবং মার্কেটের দু’জনসহ মোট তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। বাকি নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সাথে কিছু মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সঞ্জীব শীল আরো জানান, দোকানের সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে চুরি করতে দেখা গেছে এবং সেখানে আরো দু’জন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করছেন। ভেতরে প্রবেশের পর চোরদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেয়। এ ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম ও ধানমন্ডি থানা-পুলিশ জানায়, এ ঘটনায় শপিংমলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরো চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।