নিহত, কাশ্মীর, স্বাধীনতাকামী, ধরন বদল,
শ্রীনগরের দক্ষিণে জাঙ্গালপোরায় সাঁজোয়া যানের ওপর সতর্ক অবস্থানে এক ভারতীয় সেনা। আল জাজিরা
ads

ভারত সরকার কাশ্মীরে স্বাধীনতাকামী বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছে। তবে বিশ্লেষকদের মতে, স্বাধীনতাকামীরা কৌশল, সংগঠনের নাম ও তৎপরতার এলাকা বদলে নিজেদের টিকিয়ে রেখেছে। নতুন নামে স্বাধীনতাকামীদের সংগঠনের কার্যক্রম, সরকারি তালিকার বাইরে থাকা যোদ্ধাদের তৎপরতা, বিদেশি যোদ্ধাদের ওপর বাড়তি নির্ভরতা এবং সংকেতবদ্ধ যোগাযোগব্যবস্থার ব্যবহার করায় পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। একই সাথে সহিংসতার কেন্দ্র কাশ্মীর উপত্যকা থেকে দক্ষিণের জম্মু অঞ্চলের বনাঞ্চলের দিকে সরে যাচ্ছে।

ভারত-শাসিত কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গালপোরা গ্রামের একটি মসজিদে সাত দিনের তল্লাশির পর মোহাম্মদ লতিফ ভাটকে ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ১৮ নভেম্বর গোলাগুলিতে তিনি নিহত হন। পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) কমান্ডার হিসেবে পরিচিত ভাটের বিরুদ্ধে অভিযোগ ছিল, এক সপ্তাহ আগে আরেক যোদ্ধার সাথে মিলে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন তিনি। ওই ঘটনায় তিন সেনা আহত হন। তার সহযোগীও হামলার কয়েক দিনের মধ্যে নিহত হন।

তবে ভাটের মৃত্যুই জাতীয় সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় দাবি করেন, নিহত ভাটই ছিলেন কাশ্মীরের সর্বশেষ স্থানীয় স্বাধীনতাকামী। তিনি বলেন, ‘এ ঘটনা উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমানে উপত্যকায় কোনো কাশ্মীরি তরুণ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নেই।’

জম্মু ও কাশ্মীর পুলিশও দাবি করেছে, ১৯৮৯ সালে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরুর পর এই প্রথম লস্কর-ই-তাইয়েবার কোনো স্থানীয় যোদ্ধা অবশিষ্ট নেই।

তবে বিশ্লেষক ও সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সশস্ত্র সংঘাত শেষ হয়নি, বরং এর ধরন বদলেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ইসরার খান ভাটের হত্যাকে নিরাপত্তা বাহিনীর বড় বিজয় এবং লস্করের জন্য বড় ধাক্কা বলে উল্লেখ করেছেন। তবে তার মতে, সরকারি নথিতে নাম না থাকলেও সশস্ত্র যোদ্ধারা সক্রিয় থাকতে পারে। আল জাজিরাকে তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তিনি নিশ্চিতভাবেই শেষ যোদ্ধা নন। এমন যোদ্ধা রয়েছে, যারা সক্রিয়, কিন্তু পুলিশের নথিতে তাদের নাম নেই।’

‘হাইব্রিড যোদ্ধা’

খান এমন যোদ্ধাদের কথা বলেছেন, যাদের পুলিশ ‘হাইব্রিড মিলিট্যান্ট’ বলে অভিহিত করে। ২০২০ সালের দিকে কাশ্মীরে এ শব্দটির প্রচলন শুরু হয়। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী, এরা এমন ব্যক্তি, যারা পরিচিত স্বাধীনতা যোদ্ধাদের সরকারি তালিকায় না থেকেও হামলা চালায়।

২০২১ সালে পুলিশ তাদের ‘বেসামরিক মানুষের ছদ্মবেশে সন্ত্রাসী’ এবং ‘খণ্ডকালীন সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করার পর শব্দটি বেশি পরিচিতি পায়। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এসব ব্যক্তি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগঠনের সাথে যোগাযোগ রাখে, স্থানীয়ভাবে প্রশিক্ষণ নেয় এবং হামলা চালিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। ফলে তাদের শনাক্ত করা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য কঠিন হয়ে পড়ে।

বিশ্লেষকদের ধারণা, এ ধরনের যোদ্ধাদের আবির্ভাব স্বাধীনতাকামীদের সংগঠনগুলোর কৌশল পরিবর্তনের ইঙ্গিত। প্রকাশ্যে যোদ্ধা নিয়োগ বা অস্ত্র প্রদর্শনের বদলে তারা এমন ব্যক্তিদের ব্যবহার করছে, যাদের বাহ্যিক জীবনযাপন সাধারণ বেসামরিক মানুষের মতো।

তবে ‘হাইব্রিড যোদ্ধা’ পরিচয় নিয়েও প্রশ্ন রয়েছে। কয়েকজন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীর মতে, কাদের এ শ্রেণিতে ফেলা হবে, তা কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। আগে যাদের সশস্ত্র গোষ্ঠীর সমর্থক বলা হতো, তাদেরও কখনো এ পরিচয় দেয়া হতে পারে। এমনকি এর মাধ্যমে প্রত্যেক কাশ্মীরিকে সম্ভাব্য হুমকি হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। কাশ্মীরে হাইব্রিড যোদ্ধা হিসেবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারও কোনো একক সরকারি হিসাব নেই। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা বিভিন্ন অভিযানে গ্রেপ্তারের পৃথক হিসাব প্রকাশ করেছে।

খানের মতে, এ ধরনের যোদ্ধাদের অস্তিত্ব থাকায় ভাটই উপত্যকার শেষ স্থানীয় সশস্ত্র যোদ্ধা ছিলেন কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। তিনি বলেন, ‘আগামী পাঁচ থেকে ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’ তার সতর্কবার্তা, কাশ্মীরি তরুণদের সংশ্লিষ্টতায় নতুন কোনো হামলা হলে পরিস্থিতি নিয়ে নতুন করে মূল্যায়ন করতে হবে।

নতুন নামে সংগঠন

হাইব্রিড যোদ্ধাদের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে নতুন নামে সক্রিয় স্বাধীনতাকামী সংগঠনগুলোকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এবং পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ) ভারত-শাসিত কাশ্মীরে সক্রিয় দুটি সশস্ত্র সংগঠন। ২০১৯ সালের আগস্টে ভারত অঞ্চলটির বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার পর সংগঠন দুটির আবির্ভাব ঘটে।

২০২৫ সালে পহেলগামে বেসামরিক মানুষের ওপর হামলার দায় স্বীকার করে টিআরএফ। ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর জের ধরেই ওই বছরের মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয়।

নিরাপত্তা সংস্থা ও সন্ত্রাসবাদবিরোধী বিশ্লেষকদের মতে, টিআরএফ ও পিএএফএফ পাকিস্তানভিত্তিক প্রতিষ্ঠিত সশস্ত্র সংগঠনগুলোর সাথে যুক্ত ছায়া সংগঠন। তাদের ভাষ্য, এসব সংগঠন গড়ে তোলার উদ্দেশ্য হলো মূল সংগঠনের সাথে সম্পর্ক আড়াল করা, স্থানীয় সংগঠন হিসেবে পরিচিতি তৈরি করা এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) মতো আন্তর্জাতিক সংস্থার নজরদারি এড়ানো।

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী নূর আহমদ বাবা বলেন, এর আগেও স্থানীয় যোদ্ধারা স্বাধীনতাকামী সংগঠনে যোগ দিচ্ছে না বলে দাবি করা হয়েছিল। কিন্তু জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নভাবে হামলা অব্যাহত ছিল। আল জাজিরাকে তিনি বলেন, ‘২০১৯ সালের পরও কাশ্মীর সশস্ত্র তৎপরতামুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছিল। আমি বলছি না যে এমন সম্ভাবনা নেই। সবকিছুই সম্ভব। কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা বিশ্লেষণ করলে ভিন্ন চিত্র পাওয়া যায়।’

তিনি বলেন, মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি, এমন নয়। তবে বিশ্লেষকদের মতে, কাশ্মীরে স্থানীয়ভাবে যোদ্ধা নিয়োগ কমে এলেও দক্ষিণের জম্মু অঞ্চলে সশস্ত্র সহিংসতার নতুন কেন্দ্র গড়ে উঠতে পারে।

সহিংসতার ভৌগোলিক পরিবর্তন

দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর জম্মুতে আবারো সশস্ত্র সহিংসতা দেখা দিয়েছে। ২০২১ সাল থেকে সেখানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাশ্মীর উপত্যকায় কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে যোদ্ধাদের তৎপরতা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি চীনের সাথে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে জম্মু থেকে কিছু সেনা লাদাখ সীমান্তে পুনর্বিন্যাস করাও এর একটি কারণ।

তাদের মতে, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো সেখানে নিজেদের অবস্থান তৈরি করার সুযোগ পেয়েছে। নিরাপত্তা কর্মকর্তা ও বিশ্লেষকদের ভাষ্য, এসব যোদ্ধা এখন সংকেতবদ্ধ স্যাটেলাইট ফোনসহ নিরাপদ যোগাযোগপ্রযুক্তি বেশি ব্যবহার করছে। ফলে স্থানীয় যোগাযোগের ওপর তাদের নির্ভরতা কমছে এবং তাদের শনাক্ত করাও কঠিন হচ্ছে।

কাশ্মীর উপত্যকায় স্থানীয় যোদ্ধা না থাকার অর্থ স্বাধীনতাকামী তৎপরতার অবসান—সরকারের এ দাবিকে চ্যালেঞ্জ করছে পরিস্থিতির এই পরিবর্তন। বরং নজরদারি ও নিরাপত্তা অভিযান বাড়ায় স্বাধীনতাকামী সংগঠনগুলো বিদেশি যোদ্ধা, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকা দুর্গম ভূখণ্ডের ওপর বেশি নির্ভর করছে।

জম্মুর ঘন বনাঞ্চল এ পরিবর্তনের কেন্দ্রে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক রশিদ রাহির মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দুই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বড় পার্থক্য রয়েছে। আল জাজিরাকে তিনি বলেন, ‘জম্মু বিভাগে ঘন বনাঞ্চল রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষে এসব এলাকার প্রতিটি জায়গায় পৌঁছানো কঠিন। এ কারণে উধমপুর ও রাজৌরিতে একাধিক ঘটনা ঘটেছে। কখনো কখনো তল্লাশি অভিযান চালাতে নিরাপত্তা বাহিনীর কয়েক সপ্তাহ লেগেছে, যার ফলে প্রাণহানিও ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘কাশ্মীরের পাহাড়ি এলাকায় প্রচুর তুষারপাত হয়। ফলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু জম্মুতে অনুপ্রবেশ সম্ভব। দুই বিভাগের মধ্যে এটিই বড় পার্থক্য।’

সূত্র : আল জাজিরা