
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবি তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, শফিকুল ইসলামকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘শ্যোন অ্যারেস্ট’ বাণিজ্য, অপরাধীদের অনৈতিক সুবিধা দেয়া এবং মাদককারবারিদের সাথে যোগসাজশের মতো গুরুতর অভিযোগ ওঠে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে ওসিসহ সংশ্লিষ্ট থানা পুলিশদের বিরুদ্ধে মানববন্ধনও করেন সংক্ষুব্ধ একটি পক্ষ।







