ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরতরা। সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে গ্রাহক এবং চাকরিচ্যুত কর্মকর্তাদের আন্দোলনকে কেন্দ্র করে আজ সোমবার মতিঝিলের দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Advertisement

আজ সকাল থেকেই ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ব্যাংকটির সাবেক কর্মকর্তাদের যৌথ উদ্যোগে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

আহতরা হলেন, মিনহাজুল (২৯), কাশেম (৩৫), আজগর (৩৫), শহিদুল (৩১), মুনতাসির বিল্লাহ (৪৫) ও শাহিন ইসলাম (২৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত গ্রাহক ও কর্মকর্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম তাদের দাবি আদায়ে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। একইসাথে সাবেক কর্মকর্তাদের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধ এবং চাকরিতে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হয়।