
মোহাম্মদ মাহবুব হোসাইন ফ্রান্স থেকে
ফ্রান্সে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহাকে সংবর্ধনা দিয়েছেন ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা।
গত বুধবার বিকেলে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দূতালয় প্রধান মো: ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় মতবিনিময় সভায় ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহসভাপতি আব্দুর রহিম, শাহ জামাল, অধ্যাপক তসলিম উদ্দিন, রশীদ পাটওয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, খেলাফত মজলিসের কাওছার উদ্দিন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আলতাফুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে পুনর্নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দায়িত্ব পালনে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিকতার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে পুনর্নিয়োগের মাধ্যমে তার ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, কাউন্সিলর মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান মো: ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তা।








