
ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব ও নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। একইসাথে ইসরাইলি দখলদারত্ব, বসতি সম্প্রসারণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, অবরোধ ও ফিলিস্তিনিদের ওপর সব ধরনের নিপীড়নের অবসান দাবি করা হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে রোববার (২৯ নভেম্বর) বিশ্ব ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ সম্মেলন থেকে প্রকাশিত ‘ফিলিস্তিনের স্বাধীনতার সর্বজনীন ঘোষণা’ বা ‘ইস্তাম্বুল ঘোষণা’য় এসব দাবি তুলে ধরা হয়।
ঘোষণায় ফিলিস্তিনিদের জাতীয়, ঐতিহাসিক ও আইনগত অধিকারকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানানো হয়েছে। এতে ৩০টি অনুচ্ছেদে ফিলিস্তিনি জনগণের মৌলিক, মানবিক, নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় অধিকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তুলে ধরা হয়েছে।
স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার
ঘোষণার প্রথম অধ্যায়ে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা, অস্তিত্ব, পরিচয়, আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি, ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের সাথে গভীরভাবে সম্পর্কিত একটি প্রাচীন জনগোষ্ঠী। নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার তাদের রয়েছে। কোনো ধরনের জবরদস্তি, অভিভাবকত্ব কিংবা বাইরের চাপের মাধ্যমে তাদের এই অধিকার খর্ব করা যাবে না।
নিজ ভূখণ্ডে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ভূমি, পানি, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্পদের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার অধিকারও ঘোষণায় স্বীকৃত হয়েছে।
শরণার্থীদের প্রত্যাবর্তনের দাবি
ঘোষণায় ফিলিস্তিনি শরণার্থীদের নিজ বাড়িঘর ও সম্পত্তিতে ফিরে যাওয়ার অধিকারকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
১৯৪৮ সালের নাকবা বা মহাবিপর্যয়ের সময় এবং পরবর্তী সময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন, সম্পত্তি পুনরুদ্ধার ও ন্যায়সংগত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এ ক্ষেত্রে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ১৯৪ নম্বর প্রস্তাবের উল্লেখ করা হয়েছে।
দলিলে বলা হয়েছে, সময়ের অতিক্রম, প্রজন্ম পরিবর্তন, বাস্তুচ্যুতি কিংবা জনতাত্ত্বিক পরিবর্তনের কারণে ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের অধিকার বিলুপ্ত হতে পারে না।
জেরুসালেম ও আল-আকসা সুরক্ষার আহ্বান
জেরুসালেমকে ফিলিস্তিনি পরিচয়, ইতিহাস ও জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করা হয়েছে। নগরীটির ওপর ফিলিস্তিনি জনগণের জাতীয়, ঐতিহাসিক ও আইনগত অধিকার রয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।
একইসাথে পবিত্র আল-আকসা মসজিদসহ ইসলামি ও খ্রিষ্টীয় পবিত্র স্থানগুলোর সুরক্ষা, ঐতিহাসিক ও আইনগত অবস্থান সংরক্ষণ এবং নগরীর পরিচয় ও জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে।
গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের অবসান দাবি
ঘোষণার দ্বিতীয় অধ্যায়ে ফিলিস্তিনিদের জীবন, নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা, খাদ্য, পানি, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার তুলে ধরা হয়েছে।
বিশেষভাবে গাজা উপত্যকায় ২০২৩ সাল থেকে চলমান আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে গণহত্যা, জাতিগত নিধন, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও সামষ্টিক শাস্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে।
বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষা, ধ্বংসপ্রাপ্ত স্কুল ও বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ এবং কোনো বাধা ছাড়াই ওষুধ, চিকিৎসাসামগ্রী ও মানবিক ত্রাণ পৌঁছানোর দাবি জানানো হয়েছে।
অবরোধ ও অনাহারে রাখার নীতি বন্ধ করে ফিলিস্তিনিদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের মৌলিক অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
প্রবাসী ফিলিস্তিনিদের অধিকার ও জাতীয় ঐক্য
ঘোষণায় বলা হয়েছে, প্রবাসে বসবাসরত ফিলিস্তিনিরাও ফিলিস্তিনি জনগোষ্ঠীর অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন বিদেশে অবস্থান কিংবা জোরপূর্বক দেশত্যাগের কারণে তাদের জাতীয় ও মানবিক অধিকার ক্ষুণ্ন হবে না।
প্রবাসীদের প্রত্যাবর্তন এবং নিজেদের জনগোষ্ঠীর ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণের অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনি জনগণের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, স্বাধীন প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান গঠন এবং বহুত্ববাদ ও গণতান্ত্রিক অংশগ্রহণের ভিত্তিতে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার অধিকার তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের আহ্বান
ঘোষণার চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র, সরকার, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
এতে সব রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলা, দখলদারত্বের অবসানে কার্যকর ভূমিকা রাখা এবং বসতি সম্প্রসারণ, ভূখণ্ড সংযুক্তিকরণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতি প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।
জাতিসঙ্ঘ ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি ফিলিস্তিনিদের অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
একইসাথে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।
গণমাধ্যমের দায়িত্ব প্রসঙ্গে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ইতিহাস, দুর্ভোগ ও অধিকার বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে। তাদের পরিচয় অস্বীকার, বিভ্রান্তিকর প্রচারণা এবং অধিকার লঙ্ঘনের পক্ষে যুক্তি দাঁড় করানোর প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
স্বাধীনতা ছাড়া শান্তি নয়
ঘোষণার পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে, স্বাধীনতা ছাড়া প্রকৃত শান্তি এবং ন্যায়বিচার ছাড়া স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যায় ও অধিকার অস্বীকারের ভিত্তিতে কোনো কার্যকর সমঝোতাও হতে পারে না।
দখলদারত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের জাতীয় ও মানবিক অধিকার নিশ্চিত করাকেই ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে সব ধরনের বর্ণবাদ, ধর্মীয় ও জাতিগত বৈষম্য, নিপীড়ন এবং আধিপত্যের নীতি প্রত্যাখ্যান করা হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ, প্রত্যাবর্তন, মর্যাদা ও ন্যায়বিচারের অধিকারকে পরস্পর সম্পর্কযুক্ত ও অবিচ্ছেদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে।
১০ দফা আন্তর্জাতিক অঙ্গীকার
সম্মেলনের অংশগ্রহণকারী ও ঘোষণায় স্বাক্ষরকারীরা ১০ দফা অঙ্গীকার ঘোষণা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে—
১. ফিলিস্তিনি জনগণের জাতীয়, ঐতিহাসিক ও আইনগত অধিকার রক্ষা।
২. স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সমর্থন।
৩. শরণার্থীদের প্রত্যাবর্তন, সম্পত্তি পুনরুদ্ধার ও ক্ষতিপূরণের অধিকার রক্ষা।
৪. দখলদারত্ব, গণহত্যা, বসতি সম্প্রসারণ, অবরোধ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির অবসানে কাজ করা।
৫. আন্তর্জাতিক আইন ও মানবাধিকারভিত্তিক উদ্যোগের মাধ্যমে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা।
৬. জেরুসালেম ও পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ।
৭. গাজার পুনর্গঠন এবং সেখানকার মানুষের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা।
৮. ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক জনসংহতি, শ্রমিক সংগঠন ও মানবাধিকারভিত্তিক আন্দোলন জোরদার করা।
৯. স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তি ও জনগণের প্রচেষ্টা ঐক্যবদ্ধ করা।
১০. ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতা ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেওয়া।
অধিকার আদায়ে দীর্ঘমেয়াদি অঙ্গীকার
ঘোষণার উপসংহারে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতা কেবল রাজনৈতিক দাবি নয়; এটি একটি সহজাত মানবিক অধিকার। ফিলিস্তিনি জনগণ বিশ্বের সহানুভূতি নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিতে স্বীকৃত নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে।
এতে বলা হয়েছে, ফিলিস্তিনের শিশুরা যুদ্ধমুক্ত ভবিষ্যৎ, তরুণেরা স্বাধীন স্বদেশ এবং নারীরা মর্যাদা ও নিরাপত্তার সাথে বেঁচে থাকার অধিকার রাখেন। পুরো জনগোষ্ঠীর স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রত্যাবর্তন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
ঘোষণার শেষ বক্তব্যে বলা হয়েছে, ‘ফিলিস্তিন ছাড়া স্বাধীনতা নেই, ন্যায়বিচার ছাড়া শান্তি নেই এবং অধিকার পুনরুদ্ধার ছাড়া ন্যায়বিচার নেই।’
ইস্তাম্বুলে ২৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ সম্মেলনের পক্ষ থেকে প্রকাশিত এ ঘোষণায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার প্রতিনিধিদের স্বাক্ষরের জন্য স্থান রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









