
ঢাকার সাভারে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলকে চাপা দেয়ার ঘটনায় জ্বালানি ট্যাংক বিস্ফোরণে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লেগে যায়। এ ঘটনায় মোটরসাইকেল ও বাসটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং মোটর সাইকেলচালক ও বাসের এক নারী যাত্রীসহ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস রেডিও কলোনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলচালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায়।
পরে, মোটরসাইকেল ও বাসে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় সিআরপি নার্সিং কলেজের এক ছাত্রীর হাত-পা ভেঙে যায়। স্থানীয়রা আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং আহত ছাত্রীকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় জানা যায়নি। আহত মোটরসাইকেল চালক বিপিএটিসির কর্মকর্তা।
বাসে থাকা এশিয়ান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, ‘মোটরসাইকেলচালককে বাঁচাতে গিয়ে বাসটি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলের সাথে লেগে আগুন ধরে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ছাড়া বাসে থাকা সাভার সিআরপি নার্সিং কলেজের এক ছাত্রীর হাত-পা ভেঙে যায়।’
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: আব্দুল ওয়াহাব বলেন, ‘মোটরসাইকেলটি উল্টোপথে আসার সময় চালককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল ও বাস আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেলটিকে বাস চাপা দিলে জ্বালানি ট্যাংকি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।’
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম জানান, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে দেখতে পান। কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









