ইসরাইল, ঐক্য সরকার,আলোচনা, বানচাল,
বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত
ads

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের মধ্যে জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও সমঝোতা হয়নি। নেতানিয়াহু পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার চুক্তিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের প্রস্তাব দিলেও আইজেনকোট তা গ্রহণ করেননি। ফলে এ নিয়ে দুই নেতার আর আলোচনায় বসার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট রোববার (২৯ নভেম্বর) আরো জানায়, বৈঠকের পর নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকোটের ইয়াশার পার্টি যৌথ বিবৃতিতে বলেছে, ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য দূর করার চেষ্টা নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক পরিবেশে জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে।’

তবে আইজেনকোট নিজের জোটসঙ্গীদের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানিয়েছেন। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, সরকার গঠনের পর ঘোষিত নীতিমালা অনুযায়ী লিকুদ ও তার শরিকদের সরকারে যোগ দেয়ার সুযোগ থাকবে।

সরকার গঠনের অন্য সম্ভাব্য পথগুলোর মধ্যে রয়েছে আইজেনকোটের জোটে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর যোগ দেয়া, আরব দল দুটির একটি বা উভয়ের সরকারে অংশ নেয়া কিংবা আরব ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমন্বয়ে জোট গঠন। সংখ্যালঘু সরকার গঠনের বিকল্পও রয়েছে।

তবে লিকুদের সূত্রগুলো বৈঠকের পর দাবি করেছে, আইজেনকোট জাতীয় ঐক্য সরকার গঠনে আগ্রহী নন। নেতানিয়াহুকে পালাক্রমে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেয়ায় তিনি ‘সন্ত্রাসবাদের সমর্থকদের নিয়ন্ত্রিত সরকার গঠনে’ মনোযোগী হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। তাদের ভাষ্য, ইসরাইলের নিরাপত্তার জন্য দ্রুত জাতীয় ঐক্য সরকার গঠন প্রয়োজন।

সরকার গঠনে ইয়াশারের অবস্থান জানতে চাইলে আইজেনকোটের দফতর জানায়, ‘আমরা ইহুদি সংখ্যাগরিষ্ঠের সাথেই থাকব।’

এদিকে বৈঠকের সময়ই আইজেনকোটের দলের সাথে নাফতালি বেনেটের বিয়াখাদ পার্টির আলোচনা চলছিল। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তার হাতে চলতি সপ্তাহ পর্যন্ত সময় রয়েছে। চাইলে তিনি আরো ১৪ দিন সময় বাড়িয়ে নিতে পারবেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছেন তিনি।

ইয়াশার ইতিমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু এবং ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস পার্টির সাথে জোট চুক্তি করেছে। এই দুই দলের নেতাই নেতানিয়াহুর সাথে ঐক্য সরকারে যোগ দেয়ার বিরোধী। তবে আইজেনকোটের জোটে একমাত্র বেনেটই ঐক্য সরকারের পক্ষে। শনিবার তিনি নেতানিয়াহুর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছিলেন, আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের সিদ্ধান্ত সঠিক।