বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। সংগৃহীত
ads

টানা ব্যর্থতায় নড়বড়ে বাংলাদেশের ড্রেসিংরুম। পারফরম্যান্সের পাশাপাশি প্রশ্ন উঠছে কোচিং ব্যবস্থাপনা নিয়েও। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও প্রধান কোচ ফিল সিমন্সের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে আসতে পারে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমেছে বোর্ড। সম্ভাব্য তালিকায় উঠে এসেছে জনাথন ট্রট, মিকি আর্থার, ক্রিস সিলভারউড, সনাথ জয়াসুরিয়া ও মিসবাহ-উল-হকের নাম।

গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ডারউইন টেস্টের পর তিন সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়হীন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভরাডুবির পর দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে বড় ব্যবধানে হারতে হয়েছে দলকে। সাদা বলের ক্রিকেটেও প্রত্যাশা পূরণ না হওয়ায় কোচিং ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিমন্সের বিরুদ্ধে খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশিত জবাবদিহিতা আদায় করতে না পারার অভিযোগও রয়েছে। সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্যেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

তিনি বলেছিলেন, ‘সামনে অনেক কিছুই দেখা যেতে পারে।’ এরপর থেকেই সিমন্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরো জোরালো হয়েছে।

নতুন কোচ খোঁজার প্রাথমিক আলোচনা ও যোগাযোগও এগিয়ে নিচ্ছে বিসিবি। পুরো প্রক্রিয়াটি দেখভাল করছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। ড্রেসিংরুমে কঠোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করতে পারবেন, এমন কাউকেই প্রধান কোচ হিসেবে চায় বোর্ড।

সম্ভাব্য তালিকায় সবার আগে আলোচনায় ইংলিশ কোচ জনাথন ট্রট। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে ইংল্যান্ড লায়ন্সের দায়িত্বে আছেন তিনি। ট্রটকে পাওয়া না গেলে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মিকি আর্থারকে।

দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই কোচের। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

আলোচনায় আছেন ক্রিস সিলভারউডও। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাবেক এই প্রধান কোচের অভিজ্ঞতা থাকলেও শ্রীলঙ্কার দায়িত্ব ছাড়ার সময়কার বিতর্ক ও মতবিরোধ তার ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে।

এছাড়া শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ সনাথ জয়াসুরিয়া ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হকের নামও রয়েছে সম্ভাব্য তালিকায়। তবে এই দু’জনের সাথে বিসিবির আনুষ্ঠানিক যোগাযোগ বা আলোচনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিসিবি সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কোচ চূড়ান্ত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন সিমন্সই। এর মাঝে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড পরিচালকদের সভায় প্রধান কোচের বিষয়টি আলোচনায় আসতে পারে।

সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও ঘরের মাঠে এশিয়া কাপের মতো বড় আসর। এমন সময়ে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, সেটিও ভাবতে হচ্ছে বোর্ডকে।