
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগণের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোন এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে।
রোববার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি বাজার এলাকায় আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়।
কর্মসূচিতে লক্ষ্মীছড়ি জোনের মেডিক্যাল অফিসার (আরএমও) স্থানীয় ও দুর্গম এলাকার মোট ৭৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের এ মানবিক উদ্যোগের ফলে স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর হওয়ার পাশাপাশি সেনাবাহিনীর সাথে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হচ্ছে।
আয়োজকরা জানান, জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে পার্বত্যাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









