বিএনপি, যুবদল, আওয়ামী লীগ, দুর্বৃত্ত, পেট্রোল বোমা, হামলা, বাড়ি, দোকান, দর্শনা থানা
ঘটনাস্থলের দৃশ্য। নয়া দিগন্ত
ads

চুয়াডাঙ্গার দর্শনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি-যুবদলের নেতার বাড়িসহ পৃথক তিনটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৯ নভেম্বর) রাত আড়াইটা থেকে ৩টার পৌর শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ছয়টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহর পুরাতন বাজার এলাকার বাসার সামনে, দর্শনা শান্তিপাড়ায় বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনে ও যুবদল কর্মী নাসিমের বাসায় পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলগুলো থেকে বোমার আলামত উদ্ধার করে।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল জানান, গভীর রাতে ছয় থেকে সাতজন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তার বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

তিনি এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে বলেন, ‘সকালে বিএনপির নেতাকর্মীরা পৃথক ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন।’

ওসি ইসমাইল বলেন, ‘রাতেই পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।’