
সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজারে জিন্দানী ডিগ্রি কলেজের পাশে অবস্থিত ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জিন্দানী ডিগ্রি কলেজের পাশে অবস্থিত ফার্নিচার ব্যবসায়ী মোবারক হোসেন, শাহআলম ও বাবু হোসেনের তিনটি দোকানের একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মহুর্তের মধ্যে তা বাকি দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা চেষ্টা চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন। এরপরও তাদের ৫৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহআলম জানান, তাড়াশ ফায়ার সার্ভিসে বার বার ফোন করার পরও তারা প্রায় দেড় ঘণ্টা পরে ঘটনাস্থলে আসায় ক্ষতির পরিমাণ বেড়েছে।
আর ব্যবসায়ী মোবারক বলেন, ‘রাতে সব ঠিকঠাক রেখে বাসায় যাই। আর ভোরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলাম আমরা তিনজন ব্যবসায়ী।’
এ প্রসঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক মো: মঞ্জুরুল আলম দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছার বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি ক্ষতির পরিমাণ ৩০-৩৫ লাখ টাকা কথা উল্লেখ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









