বেতারের ডিজি এ এস এম জাহীদ, আওয়ামী লীগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বেতারের ডিজি এ এস এম জাহীদ। ইন্টারনেট
ads

চাকরির মেয়াদ শেষে পিআরএলে যাওয়ার পর আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ চেয়েছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ। এ বিষয়ে গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, আগামী ৩১ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হবে। পিআরএলে যাওয়ার তারিখ অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি অনুরোধ জানিয়েছেন।

আবেদনে কারণ হিসেবে বলা হয়েছে, বর্তমান নির্বাচিত সরকারের বিভিন্ন কার্যক্রম প্রচার এবং বাংলাদেশ বেতারের চলমান উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন। একই সাথে অনুষ্ঠানের মান বজায় রাখা, গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচি দ্রুত বাস্তবায়ন এবং কার্যাবলী সময়মতো সম্পাদনের কথাও তিনি উল্লেখ করেছেন।

আবেদনে নিজেকে বিসিএস (তথ্য) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জাহীদ লিখেছেন, ৩২ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারির সাথে দায়িত্ব পালন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের ৯ জুলাই থেকে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ে (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। সময়ে সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অনুষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে আবেদনে উল্লেখ আছে। এর আগে প্রায় পাঁচ বছর তিনি রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ডে ভাষা বিশেষজ্ঞ ও মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

পদোন্নতি প্রসঙ্গে আবেদনে তিনি দাবি করেছেন, শুধু জাতীয়তাবাদী চেতনা ধারণ করার কারণে ২০২২ সালে ফিডার পদ পূরণ হওয়া সত্ত্বেও তাকে উপমহাপরিচালক পদে পদোন্নতি দেয়া হয়নি। ফলে দীর্ঘদিন তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন। তিনি আরো লিখেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে তাকে বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়।

নিজের দায়িত্বকালের কার্যক্রমের বিবরণ দিয়ে আবেদনে বলা হয়েছে, বগুড়ার কাহালুতে স্বয়ংসম্পূর্ণ ১০ কিলোওয়াট এফএম বেতার কেন্দ্র স্থাপন, বাংলাদেশ বেতারের এফএম সম্প্রচার নেটওয়ার্কের আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং ময়মনসিংহ ও খুলনা কেন্দ্র আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় এফএম নেটওয়ার্ক শক্তিশালীকরণের সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের মতো প্রকল্প গ্রহণেরও উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। পাশাপাশি তার সময়ে বেতারের নিউমিডিয়া কার্যক্রম সম্প্রসারণ এবং এর মাধ্যমে আয় বৃদ্ধির সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ বেতারকে দুর্নীতির আখড়ায় পরিণত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের বিরুদ্ধে। নিলাম ছাড়াই সরকারি সম্পদ বিক্রি, দরপত্র ও বদলি-বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

এ এস এম জাহীদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন সুবিধাভোগী কর্মকর্তা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিভিন্ন দেশ সফর করা এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টানোর চেষ্টা করছেন, চেষ্টা করছেন তার দুর্নীতি ধামাচাপা দেয়ার।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এ এস এম জাহীদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য তথ্য মন্ত্রণালয়কে দু’টি চিঠি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো: ইয়াসীনকে সভাপতি/আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কমিটির অপর সদস্য তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো: নিজামুল কবীর।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের এপ্রিলে আগারগাঁও সদর দফতর থেকে দু’টি গাড়ি, জেনারেটর, সম্প্রচার টাওয়ারের অংশ, মূল্যবান যন্ত্রাংশ, এমনকি মুক্তিযোদ্ধাদের ব্রোঞ্জ নির্মিত ম্যুরালের অংশবিশেষও প্রকাশ্য নিলাম ছাড়াই নির্দিষ্ট এক ব্যক্তির কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। বিশেষজ্ঞ মতামত না নিয়েই মোটরসাইকেল ও প্রাইভেট কার একতরফা ‘কনডেম’ ঘোষণা না করে গভীর রাতে ডিজি এ এস এম জাহীদের সিন্ডিকেট গোপনে বিক্রি করে দেয় বলে অভিযোগও রয়েছে। পাশাপাশি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশ বেতারের অধীনে নেয়া বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য বেশ কিছু মোটরসাইকেল ও প্রাইভেট কার কেনা হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ৯ এপ্রিল একটি ট্রাক বেতার প্রাঙ্গণে প্রবেশ করে মালামাল লোড করার সময় ঘটনা প্রকাশ্যে আসে। দরদাম নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতারাও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিক্রি স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু তার আগেই বেশ কিছু মালামাল সরিয়ে ফেলেন ডিজির প্রশ্রয়ে থাকা ব্যক্তিরা।

মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদানের পর অল্প সময়েই প্রায় ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। অভিযোগ রয়েছে, এই বদলির পেছনে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ পদে ‘নিজস্ব লোক’ বসিয়ে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগও রয়েছে এ এস এম জাহীদের বিরুদ্ধে। এ ছাড়া বেতারের খুলনা, বান্দরবান, কক্সবাজার ও সিলেট কেন্দ্র থেকে গাড়ি এনে ঢাকায় পছন্দের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেয়া হয়েছে, যা সরকারি যানবাহন ব্যবস্থাপনা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।