ইরানের বন্দর
ইরানের বন্দর। সংগৃহীত ছবি
ads

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করায় পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজ অচল করে দেয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার ‘প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র ব্যবহার করা হয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রম তদারককারী সংস্থা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হামলার ফলে জাহাজটির ইঞ্জিন ও চলাচলব্যবস্থা অচল হয়ে পড়ে। তবে জাহাজে থাকা বেসামরিক নাবিকদের কেউ আহত হননি। ওমান উপসাগরে এ ঘটনা ঘটে।

সেন্টকমের বিবৃতি অনুযায়ী, জাহাজটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের বন্দর আব্বাস বন্দর থেকে যাত্রা করেছিল।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করতে তারা কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ছয়টি জাহাজ অচল করে দেয়া হয়েছে এবং আরো ১৫৮টি জাহাজের গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে।

ইরানের সাথে স্বল্পস্থায়ী একটি সমঝোতা ভেঙে যাওয়ার পর গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপের চেষ্টা করছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান যেসব নৌপথকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেসব পথে চলাচলের সময় কয়েকটি জাহাজে আগুন লাগার খবরও দিয়েছে ইরানি বাহিনী।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবরোধ মোকাবেলায় দেশের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের অঙ্গীকার করেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ সঙ্কটের সূত্রপাত হয়। সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এখনো থমকে আছে। বিশেষ করে গত জুনে স্থায়ী সমাধানের পথনির্দেশনা দেয়া একটি চুক্তি ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া সম্ভব। এসব দাবির মধ্যে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।

সূত্র : বাসস