জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ। সংগৃহীত ছবি
ads

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের একটি কমিটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকারকে সমর্থন জানিয়ে একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবটির পক্ষে ১৬২টি দেশ এবং বিপক্ষে আটটি দেশ ভোট দিয়েছে। এছাড়া আটটি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ প্রস্তাব গ্রহণ করা হয়।   

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারবিষয়ক একটি বার্ষিক খসড়া প্রস্তাবের ওপর সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে এই ভোট অনুষ্ঠিত হয়। এই কমিটি মানবাধিকার ও মানবিক বিষয়াবলি নিয়ে কাজ করে।

এই প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা এবং নিজেদের মাতৃভূমিতে ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে বসবাসের অধিকারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে, এই অধিকার শর্তহীন এবং এটি ত্যাগ করা, আলোচনার মাধ্যমে পরিবর্তন করা বা কোনো ধরনের আপসের বিষয়বস্তু হতে পারে না।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বেশিভাগ দেশ এই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।

যে আটটি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হলো—যুক্তরাষ্ট্র, ইসরাইল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, মাইক্রোনেশিয়া, নাউরু, পাপুয়া নিউগিনি ও পালাউ। 

এছাড়া আরো আটটি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

এই প্রস্তাবটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি পরামর্শমূলক মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত দখলদারিত্বকে বেআইনি বলে অভিহিত করা হয়েছে। আদালত এই দখলদারিত্ব অবিলম্বে অবসানের আহ্বান জানিয়েছে এবং একে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চার পথে একটি বাধা হিসেবে বর্ণনা করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর