ককটেল
আহত সুমন ও রহুল আমিন। নয়া দিগন্ত
ads

কুষ্টিয়ার মজমপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রেলগেট এলাকার একটি ভাঙারির দোকানের সামনে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন টোকাই সুমন ও ভাঙারি ব্যবসায়ী রহুল আমিন। তাদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং রহুল আমিন জুগিয়া পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। 

সুমনের দাবি, তিনি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে পরিত্যক্ত বোতল ও জর্দার কৌটা সংগ্রহ করে একটি ব্যাগে ভরেন। পরে রিকশায় করে মজমপুর রেলগেটে এসে সেগুলো পাশের ভাঙারির দোকানে বিক্রি করতে যান। এ সময় ব্যাগের ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে। তবে কুড়িয়ে আনা জিনিসপত্রের ব্যাগে কীভাবে ককটেল এলো, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিস্ফোরণে দু’জনের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে দুই পায়ে আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
 
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন। তারা ককটেলটি বহন করছিলেন, নাকি কোথাও থেকে কুড়িয়ে পেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এমনিতেই জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। এর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ভাঙারির মালামালের সাথে কীভাবে বিস্ফোরকটি সেখানে পৌঁছাল, কারা এটি রেখেছিল এবং এর পেছনে কারা জড়িত—তা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।