
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি তার সাম্প্রতিক মাস্কাট সফরকে অত্যন্ত সফল হিসেবে মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই অঞ্চলের অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে, কোনো ধরনের বিদেশী হস্তক্ষেপ ছাড়াই।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ওমান সফরের বিষয়ে এসব কথা বলেন আরাগচি।
তিনি বলেন, মাস্কাটে আমার সফর অত্যন্ত ভালো হয়েছে। এ সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ বৈঠক এবং ওমানের সুলতানের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রচলিত আলোচনার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং পুনরায় যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা ও মতবিনিময় করেছি। এসব বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির সাথে ওমানি বন্ধুদের দৃষ্টিভঙ্গির যথেষ্ট মিল রয়েছে।
তিনি বলেন, ওমানের কূটনৈতিক ভূমিকা নিয়েও আমরা মতবিনিময় করেছি। এই কূটনৈতিক প্রচেষ্টায় ওমানই প্রথম অংশগ্রহণকারী দেশ ছিল। এ জন্য আমরা দেশটির প্রতি কৃতজ্ঞ।
আরাগচি আরো বলেন, আঞ্চলিক কূটনীতি ও বিরোধ নিষ্পত্তিতে ওমান সব সময় ইতিবাচক ভূমিকা পালন করে এসেছে এবং এখনো সেই ভূমিকা অব্যাহত রেখেছে। আমরা মনে করি, এ প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত।
তিনি জানান, উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্য এশিয়ায় উজবেকিস্তান, পারস্য উপসাগরীয় অঞ্চলে ওমান এবং এই দুই অঞ্চলের সংযোগস্থলে ইরানের অবস্থানের বিষয়টি বিবেচনায় রেখে বৈঠকে ট্রানজিট ও যোগাযোগব্যবস্থার পারস্পরিক সংযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








