রোহিঙ্গা, গণহত্যা, মিয়ানমার ,আইসিজে,
একটু ত্রাণ সামগ্রীর জন্য ব্যাপক কাড়াকাড়ি করছেন হতভাগ্য রোহিৃঙ্গা শরণার্থীরা। আল জাজিরা

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা চালানোর পাশাপাশি শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় কয়েকটি সুনির্দিষ্ট ক্ষেত্রে মিয়ানমারের ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় পড়ার সময় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন।

আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আদালত। ওই অভিযান থেকে বাঁচতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের অধিকাংশই মুসলিম।

বিচারক ইওয়াসাওয়া বলেন, ‘আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাঁদের ওপর হামলা চালিয়েছে।’

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে মিয়ানমার। গাম্বিয়া আদালতের কাছে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো বেআইনি কর্মকাণ্ড বন্ধের নির্দেশ এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানায়।

মিয়ানমারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর এর জবাবে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের মধ্যে ১২ লাখের মতো বাংলাদেশে কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে বসবাস করছেন।

সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং বিপজ্জনক সমুদ্রপথে যাত্রার কারণে রোহিঙ্গাদের অনেকে এখনো বাস্তুচ্যুত ও ঝুঁকির মধ্যে রয়েছেন।